‘মনে অয় এই বুঝি পইরয়্যা হাত-পা ভাইঙ্গা যাইবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামাগুড়ি দিয়ে চলাচল করতে হয় যে সেতু দিয়ে, তার নাম সরমহল সিংহখালী সেতু। সরমহল-শ্যামপুর সড়কের সিংহখালী খালের ওপরের দেবে যাওয়া ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করছে খালের দুই পারের কয়েক গ্রামের শত শত লোক। সেতুটি পুনর্নিমাণ করা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে ৩০ মিটার দীর্ঘ সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তখনই জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতুটি সংস্কারের দাবি জানান এলাকাবাসী। কিন্তু কেউ এ বিষয়ে নজর না দেওয়ায় আস্তে আস্তে সেতুটি আরও দেবে গিয়ে ওপরের লোহার অ্যাঙ্গেলের রেলিং ও হাতলগুলো ছুটে ঝুলে গেছে। ওপরের স্পারগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় এলাকাবাসী সেতুর পশ্চিম পাশে বাঁশ ও সুপারিগাছ দিয়ে সাঁকো তৈরি করে কোনো রকমে যাতায়াত করছে।কৃষি শ্রমিক আবদুস সোবাহান বলেন, ‘ধানের বোঝা মাথায় লইয়া সেতু পার অইতে কষ্ট অয়। মনে অয়, এই বুঝি পইরয়্যা হাত-পা ভাইঙ্গা যাইবে।’সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল মান্নান মল্লিক বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শত শত লোক এই সেতু দিয়ে যাতায়াত করেন। অনেকেই চলাচলের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। সিডরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেতুটি আর সংস্কার করা হয়নি। বর্তমানে সেতুর এক পাশ সম্পূর্ণ ভেঙে গেছে। ক্ষতবিক্ষত সেতু দিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।’কুশঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান বলেন, সেতুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে মনে হয় কর্তৃপক্ষের নজরে আসবে।নলছিটি উপজেলা প্রকৌশলী আবদুল্লা হেল বাকী চৌধুরী বলেন, ‘সেতু দেবে যাওয়া এবং চলাচলের অনুপযোগী হওয়ার বিষয়টি আমরা জেনেছি। সেতুটি পুনর্নিমাণের জন্য ৮০ লাখ টাকার একটি প্রকল্প তৈরি করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে।’