'মনে হচ্ছিল লাশ নিয়ে বাড়ি ফিরতে হবে'

তীব্র রোদ। গ্রিন রোডের সড়কে থমকে আছে সব যানবাহন। মাঝখানে সাইরেন বাজিয়েই যাচ্ছে অ্যাম্বুলেন্সটি। পাঁচ মিনিট, দশ মিনিট করে পেরিয়ে গেল আধা ঘণ্টা। গাড়ি সরছেই না। সহ্য করতে না পেরে কেঁদেই ফেললেন অ্যাম্বুলেন্সে থাকা সিরাজুল ইসলাম। অ্যাম্বুলেন্সে করে গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে যাচ্ছিলেন তিনি ভৈরব। কাঁদতে কাঁদতে বললেন, একদিকে বাবা গুরুতর অসুস্থ আর আরেকদিকে সড়ক অবরোধ। বাবার যা অবস্থা মনে হচ্ছিল লাশ নিয়ে বাড়ি ফিরতে হবে।’
আন্দোলনরত শিক্ষার্থী আর পুলিশের কাছে অনুরোধ জানালেন অ্যাম্বুলেন্সটি যেতে সহায়তা করার জন্য। এরপরও অপেক্ষা। কিছুক্ষণ পর পুলিশ ও আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেন। কিন্তু ততক্ষণে মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি।
সিরাজুল জানান, আজ রোববার ১১টায় ল্যাবএইড হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে অসুস্থ বাবাকে চিকিৎসার পর ভৈরবে নিয়ে যাচ্ছিলেন। পুরো এক ঘণ্টা তিনি গ্রিন রোডে আটকে থাকেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখান থেকে আড়াই দুই ঘণ্টায় রাজধানী থেকে বের হতে পেরেছিলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজও রাজধানীর পান্থপথ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ বের করে সড়ক অবরোধ করে। এতেই আশপাশের সব সড়ক বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ কে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই অবরোধে পান্থপথ, গ্রিনরোড, ফার্মগেট ও মিরপুর রোডে তীব্র যানজট তৈরি হয়।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত দৃষ্টি প্রতিবন্ধী নাজিয়া হোসেন। তিনি বলেন, তিনি কারওয়ান বাজার থেকে নীলক্ষেতে তাঁর বাসায় ফিরছিলেন। অন্যসময় তিনি রিকশায় যাতায়াত করেন। কিন্তু রিকশা না পেয়ে অটো রিকশা ভাড়া করেন ২০০ টাকায়। পরে অনেক যানজট পেরিয়ে দুই ঘণ্টায় তিনি তাঁর গন্তব্যে পৌঁছান। নাজিয়া হোসেন বলেন, এমনিতেই প্রচণ্ড গরম আবার এত যানজট। অন্যদের হেঁটে যাওয়ার সুযোগ থাকলেও আমি যেহেতু চোখে দেখি না, তাই নামতেও পারছিলাম না। এতে বেশ ভুগতে হলো।
পান্থপথ ও আশে পাশের এলাকায় সিটি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও ভিক্টরিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। অনেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন। অনেকে রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন। আবার কফিন নিয়েও মিছিল করতে দেখা গেল একদল শিক্ষার্থীদের।
গ্রিন রোডে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল থাকায় রোগীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। কমফোর্ট হাসপাতালের সামনে এক ঘণ্টা ধরে বসে ছিলেন শ্যামলীর বাসিন্দা হাবিবুর রহমানকে। কিডনিতে অপারেশন হয়েছে তাঁর। চিকিৎসকের পরামর্শে বাসায় চলে যেতে হবে তাঁকে। কিন্তু সড়ক অবরোধের কারণে যানজটে তিনি কোনোভাবেই যেতে পরছিলেন না। পরে বাড়তি ভাড়ায় একটি অটোরিকশা ভাড়া করেন ও আন্দোলনকারীদের অনেক অনুরোধ করে ওই এলাকা ছাড়েন।

ভোগান্তির শিকার হয়েছে স্কুলের শিক্ষার্থীরাও। এই এলাকায় বেশ কিছু স্কুল ছুটি হয় ১২টার দিকে। যানবাহন না চলার কারণে অনেকে রোদের মধ্যে শিশুদের নিয়ে হাঁটা দেন। আর যাদের গাড়ি আছে তাঁরা উপায় না থেকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতেই বসে থাকেন। মিরপুর শেওড়া পাড়ার বাসিন্দা রাধা রানির সঙ্গে কথা হয় দুপুর দেড়টার দিকে। তাঁর মেয়ে ভিকারুননিসা নুন স্কুলে পড়ে। ১২টার পরে স্কুল ছুটি হয়েছে। এখন পর্যন্ত তিনি গ্রিন রোড থেকে বের হতে পারেননি। মেয়ের মিডটার্ম পরীক্ষা চলছে। আবার বিকেল তিনটার দিকে কোচিংয়ে ক্লাস আছে আগামীকালও পরীক্ষা আছে স্কুলে। তিনি বলেন, রাস্তায় এমন অবরোধ করলে আমরা কীভাবে বাসায় যাব। আমাদের সময় নষ্ট হচ্ছে বাচ্চার পড়াশোনার ক্ষতি হচ্ছে।
কাঁঠালবাগানের বাসিন্দা মুনিরা জাহান তাঁর শিশুকে নিয়ে পান্থপথ থেকে গুলশানে যাওয়ার জন্য বেরিয়েছিলেন একটা জরুরি কাজে। পরে তিনি তাঁর সিদ্ধান্ত বদলান। তিনি বলেন, বাসা থেকে বেরিয়ে দেখি তীব্র যানজট। রোদের মধ্যে বাচ্চাটাকে নিয়ে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকলাম কোনো অটোরিকশা পেলাম না। বাধ্য হয়ে বাসায় ফিরে যাচ্ছি।
এই এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। কলাবাগান থানার উপপরিদর্শক আনোয়ার বলেন, ‘আমরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তাঁরা রাস্তা ছাড়ছেন না।’