‘মনে হচ্ছে অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র আছে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে, কোনো অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। কোনো নাগরিকের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নেই। দেশে স্বাভাবিক মৃত্যুরও কোনো নিশ্চয়তা নেই। গতকাল রোববার দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে হরতালের সমর্থনে আয়োজিত এক সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। সমাবেশে বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ। আমীর খসরু আরও বলেন, দেশের মানুষের ভালো-মন্দ বর্তমান সরকার দেখছে না। এই সরকার নিজ দেশের স্বার্থ না দেখে অন্য দেশের স্বার্থ দেখছে। এরা মানুষকে গুম ও হত্যা করছে। এ জন্য শেখ হাসিনার সরকারকে একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। খসরু সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, কথায় কথায় গ্রেপ্তার, মামলা, অপহরণ, গুম, নিপীড়ন-নির্যাতন করে আর প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় থাকা যাবে না। ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে। নইলে সরকার নিজেরাই নিজেদের পতন ডেকে আনবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, ‘হয় ইলিয়াস আলীকে ফেরত দিন, নইলে পদত্যাগ করুন। ইলিয়াস আলীকে নিয়ে অনেক নাটক হয়েছে। এবার নাটক বন্ধ করুন।’মীর নাছির আরও বলেন, ইলিয়াস আলীর ঘটনায় প্রধানমন্ত্রী এক রকম বলছেন। অথচ তাঁর মন্ত্রীরা বলছেন আরেক কথা। সরকারের কাজ হচ্ছে ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়া। নইলে সরকারের পরিণতি ভয়াবহ হবে। গতকালের সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ বেগম রোজি কবির, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ।সংশোধনী: গতকাল প্রথম আলোর ১৪ পৃষ্ঠায় ‘ইলিয়াস আলীর গুমের সঙ্গে মন্ত্রীর এপিএসের টাকার যোগসূত্র আছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের দ্বিতীয় প্যারায় শাহাদাৎ হোসেনকে ভুলবশত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করা হয়। আসলে তিনি নগর বিএনপির সাধারণ সম্পাদক।