বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন বলেছেন, ‘চীন ও বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র। বাংলার মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে চীন সব সময় পাশে থাকবে। এই দেশের উন্নয়নে চীন সর্বাত্মক সহযোগিতা করবে।’ গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণকালে রাষ্ট্রদূত এ কথা বলেন। আটকাহনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাজের সঙ্গে এক আলোচনা সভায় রাষ্ট্রদূত লি জুন বলেন, ‘গ্রাম আমার ভালো লাগে। আজ মনে হচ্ছে, আমি আমার ভাইয়ের বাড়িতে এসেছি। এ দেশের মানুষের ভালোবাসা ওপ্রতিভা চীনের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’রাষ্ট্রদূত গতকাল বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ ও পাঁচটি দুস্থ পরিবারের মধ্যে গাভি বিতরণ করেন। পরে তিনি গ্রামের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। শোল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান, গ্রামবাসীর পক্ষে মো. মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূতকে দেখতে কালিগঙ্গা নদী-তীরবর্তী সাতটি গ্রামের নারী, পুরুষ, তরুণ, তরুণী ও শিশুরা উপস্থিত হয়।