
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। গন্তব্যে পৌঁছাতে সময়ও লাগছে বেশি। এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ২২৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা-খুলনা মহাসড়কের ৪৯ কিলোমিটার অংশ ফরিদপুরে পড়েছে। এর মধ্যে ৩২ কিলোমিটার অংশ বেশি খারাপ। প্রতিদিন এ মহাসড়কে নানা ধরনের আট হাজারের বেশি যানবাহন চলাচল করে। ১৯৮৮-৮৯ অর্থবছরে মহাসড়কটি প্রশস্ত করাসহ ব্যাপক সংস্কার করা হয়। ২০০৮-০৯ অর্থবছরে মহাসড়কটির রাজবাড়ী রাস্তার মোড় থেকে দৌলতদিয়া পর্যন্ত অংশ মেরামত করা হলেও, ১৯৮৯ সালের পর রাজবাড়ী রাস্তার মোড় থেকে কামারখালী সেতু পর্যন্ত আর সংস্কার হয়নি।
মহাসড়কের ফরিদপুর থেকে মাগুরার দূরত্ব প্রায় ৩৬ কিলোমিটার। এ পথে কাভার্ড ভ্যান চালান মো. আইয়ুব হোসেন। বেহাল মহাসড়ক সম্পর্কে তিনি বলেন, ‘এই রাস্তায় গাড়ি চালালে ঝাঁকুনিতে বুকের খাঁচা পর্যন্ত ব্যথা হয়। এক দিন গাড়ি চালালে তিন দিন বিশ্রাম নিতে হয়।’
বাসচালক ফরিদপুর সদরের রঘুনন্দনপুর এলাকার জেহাদ শেখ (৩০) বলেন, ফরিদপুর থেকে মাগুরা যেতে সময় লাগার কথা বড়জোর ১ ঘণ্টা ২০ মিনিট। কিন্তু রাস্তা খারাপ থাকায় এখন প্রায় ২ ঘণ্টা লাগে। বৃষ্টি নামলে তো দুর্ভোগের আর সীমা থাকে না।
৭ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, সড়কের ফরিদপুর সদরের গঙ্গাবর্দী থেকে কানাইপুর অংশটি বেহাল হয়ে পড়েছে। এর মধ্যে কানাইপুরে বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে দিগনগর এলাকা পর্যন্ত দুই কিলোমিটারের পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। সদরের মল্লিকপুর থেকে মধুখালীর দিঘুলিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের অবস্থাও নাজুক। বোয়ালিয়া থেকে দিঘুলিয়া পর্যন্ত তিন কিলোমিটারে ছোট-বড় অনেক গর্তে পানি। পরীক্ষিতপুর থেকে মধুখালী রেলগেট হয়ে আড়কান্দি সেতু পর্যন্ত ছয় কিলোমিটার অংশে খানাখন্দে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। বাগাট থেকে ঘোপঘাট পর্যন্ত এক কিলোমিটার ও মাঝিবাড়ি থেকে কামারখালী পর্যন্ত আধা কিলোমিটারের অবস্থাও নাজুক।
মাইক্রোবাসচালক ফরিদপুরের বোয়ালমারীর চাঁদপুর গ্রামের লাল মিয়া (৪৫) বলেন, ‘রাস্তার মধ্যে মধ্যে ৩ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত গভীর গর্ত। প্রতিদিনই গর্তে পড়ে মনে হয় এই বুঝি গাড়ি উল্টে গেল।’
সওজের ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সড়কের ৩২ কিলোমিটার অংশ মেরামতের জন্য দুটি দরপত্র আহ্বান করে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। রাজবাড়ী রাস্তার মোড় থেকে আলতুখান পাটকল পর্যন্ত ২০ কিলোমিটার মেরামতের জন্য ২৫ কোটি ২৭ লাখ ও আলতুখান পাটকল থেকে কামারখালী সেতু পর্যন্ত ১২ কিলোমিটারের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।