'মনে হয় বাবার কিছু একটা হইছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা আমার জন্য নতুন ফ্রক আর স্যান্ডেল আনবে কইছিল। এবারের ঈদে আমাগোর সবার নতুন কাপড় আনবে কইছিল। শুনছি আসার পথে বাবার গাড়ি উল্টি গেইছে। ওরা আমাক আর কিছু কয় না, শুধু কানাঘুষা করে আর চোখ মুছে। মনে হয় বাবার কিছু একটা হইছে।’

গতকাল শনিবার দুপুরে এভাবেই থেমে থেমে কথাগুলো বলছিল শারমিন আক্তার সাথী (৭)। রংপুরের পীরগঞ্জে বেপরোয়া গতিতে চলা সিমেন্টবাহী ট্রাক উল্টে নিহত হয়েছেন তার বাবা সাদ্দাম হোসেন (৩২)। ওই দুর্ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে শারমিনের বাবা ছাড়াও রয়েছেন তার চাচা আলমগীর হোসেন (৩০), মামা দেলোয়ার হোসেন (২৫) ও দেলোয়ারের চাচাতো ভাই মনির হোসেন (২২)। চারজনেরই বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাঁপারহাট গ্রামে। এ চারজনসহ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ জন ও আদিতমারীর মহিষখোঁচা ইউনিয়নের দুজন নিহত হন। আহত হন এ উপজেলার সাতজন।

নিহত সাদ্দাম ও আলমগীরের মা জরিনা বেগম বলেন, গত শুক্রবার দুপুরে মুঠোফোনে দুই ছেলের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তিনি বলেন, ‘সাদ্দাম কইছিল, মা আমি শারমিনসহ বাড়ির সবার ঈদের কাপড় নিয়া আসতাছি। খবর পাইলাম গাড়ি উল্টা আমার দুই ছেলে আর সাদ্দামের দুই শালা মইরা গেছে। আমি ঈদের কাপড় চাই না। আমাক তোমরা ছেলে আইনা দেও।’ এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। কিছুক্ষণ নির্বাক চেয়ে থাকেন, আলমগীরের ছোট মেয়ে আঁখিমণিকে কোলে নিয়ে।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ঈদের মাত্র দুই দিন আগে দুর্ঘটনায় তাঁর ইউনিয়নের ১০ জন ও পার্শ্ববর্তী আদিতমারীর মহিষখোঁচা ইউনিয়নের দুজন এভাবে নিহত হওয়ায় দুটি উপজেলাতেই শোকের ছায়া নেমে এসেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলম বলেন, শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ শেষে লাশগুলো গতকাল বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।