'মনের নির্বাসন' উপন্যাসের মোড়ক উন্মোচন
ব্রাহ্মণবাড়িয়ায় সোপানুল ইসলাম রচিত মনের নির্বাসন নামের উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে উপন্যাসটির মোড়ক উন্মোচন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও উপন্যাসের লেখক আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম। বইটি নিয়ে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক কবি জয়দুল হোসেন বলেন, ‘বাংলাদেশের অনেকেই বই প্রকাশিত হওয়ার আগে পাণ্ডুলিপি আমার কাছে নিয়ে আসে। বইটি পড়ে সম্পূর্ণ ব্যতিক্রম বলে মনে হয়েছে। নামের সঙ্গে বইটির যথার্থ প্রাসঙ্গিকতা রয়েছে।’
সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বই মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিতে হলে স্কুলের গণ্ডি পার করতে পারেনি, এমন লেখক সম্পর্কে পড়াশোনা করতে হয়। বই পড়ার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।