'মনের মতো প্রার্থীকে ভোট দিতে পেরেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। তবে কোথাও সহিংস ঘটনা ঘটেনি।

মৌলভীবাজার-কুলাউড়া সড়ক দিয়ে কুলাউড়া পৌর শহরে ঢোকার মুখেই পড়ে নবীন চন্দ্র উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র। কেন্দ্রে ভোটারদের দাঁড়ানোর জন্য বাঁশের বেড় দেওয়া অংশটি ফাঁকা। বিচ্ছিন্নভাবে এক-দুজন কেন্দ্রে ঢুকছেন। ভোট দিচ্ছেন।

নতুন ভোটার চাতলগাঁও গ্রামের সাদিয়া শারমিন বলেন, ‘জীবনের প্রথম ভোট নিজের মনের মতো প্রার্থীকে দিতে পেরেছি। এতে আনন্দ লাগছে।’

তখন সকাল সাড়ে ১০টা। এই কেন্দ্রে দুই হাজার ২৭১টি ভোটের মধ্যে প্রায় ৪০০ ভোট পড়েছে বলে জানালেন প্রিসাইডিং কর্মকর্তা জাহিদুর রহমান।

কুলাউড়া পৌর এলাকার আরেকটি কেন্দ্র রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বেলা তখন ১১টা ৪০ মিনিট। কেন্দ্রের ভেতরে যেখানে ভোটারদের দাঁড়ানোর কথা, সেই স্থানটি ফাঁকা। এখানেও এক-দুজন করে কেন্দ্রে ঢুকছেন। ভোট দিয়ে বেরিয়ে আসছেন। একজন বৃদ্ধা ভোটার জানালেন, ‘ভোট দিছি কোনো সমস্যা হয়নি।’ কিন্তু তখন পর্যন্ত এই কেন্দ্রের নয়টি বুথে তিন হাজার ৩৮২টি ভোটের মধ্যে ভোট পড়েছে ৫০০টি। এখানেই দেখা কুলাউড়া উপজেলার প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্তের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ভোটার কম হচ্ছে। এর অন্যতম কারণ, সব ভোটারের কাছে যেতে পারেননি প্রার্থীরা।

বেলা একটা ৪০ মিনিটে জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে দেখা গেল সেই একই চিত্র। ভোটারের জন্য নির্ধারিত স্থানটি ফাঁকা। বিচ্ছিন্নভাবে এক-দুজন করে ভোটার আসছেন। তাঁদের মধ্যে নারী ভোটার বেশি। এই কেন্দ্রে তিন হাজার ৬৮৮টি ভোটের মধ্যে তখন পর্যন্ত পড়ে এক হাজার ৪০০টি।

বেলা দুইটার দিকে পৌর বালিকা উচ্চবিদ্যালয়কেন্দ্রে গিয়েও ভোটারদের কোনো সারি চোখে পড়েনি। এই কেন্দ্রের নির্বাচন কর্মকর্তারা জানান, স্থানীয় লোকজন আগের রাতে তাঁদের সতর্ক করেছিলেন। এই কেন্দ্রে ভোট প্রদান বেশি হয়। তাঁরা যেন সে রকমই প্রস্তুত থাকেন।

 কিন্তু বাস্তবে সে রকম কিছু হয়নি। দুই হাজার ৫৯৬টি ভোটের মধ্যে তখন পর্যন্ত পড়ে ৯৩৮টি। যেখানে (গত ৫ জানুয়ারির নির্বাচন বাদে) অন্য সময় দুই হাজার ২০০-এর বেশি ভোট পড়ে থাকে।