‘মনের মধ্যি খুব সুখ লাগতেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম আলো পোত্তেক বছর কম্বল দিয়ে থাহে। এই শীতি আমি এট্টা পাবার আশায় ছিলাম। এহন উরা আমারে এট্টা কম্বল দেছে। মনের মধ্যি খুব সুখ লাগতেছে।’ প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া কম্বল হাতে পেয়ে গতকাল শুক্রবার এভাবেই অনুভূতি ব্যক্ত করেন খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের ৯০ বছরের কাজী আবদুল ওহাব। ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয় মাঠে গতকাল সকালে ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার ২৫টি গ্রামের ২০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় ব্রিটিশবিরোধী আন্দোলনে খুলনা অঞ্চলের নেতা কামাক্ষা প্রসাদ রায় চৌধুরী বলেন, প্রথম আলো একটি পত্রিকা হয়েও এই শীতে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন, ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিরুবালা বিশ্বাস, বানিয়াখালী মওলানা ভাসানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুদ্দীন আল মাসুদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রউফ, সমাজসেবক মোশাররফ হোসেন, প্রথম আলো খুলনা বন্ধুসভার সদস্য ফয়সল আহমেদ, তৌফিকুল ইসলাম, ডুমুরিয়া বন্ধুসভার সভাপতি গাজী মোহম্মদ প্রমুখ।