'মনোনয়ন-বাণিজ্যের' অভিযোগ প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় আওয়ামী লীগের ১৭ জন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই বহিষ্কার বিদ্রোহী প্রার্থীদের মনোবল ভাঙতে পারেনি। আরও বেশি সক্রিয় হয়ে মাঠে নেমেছেন তাঁরা।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের অভিযোগ, দলীয় নেতারা মনোনয়ন নিয়ে ‘বাণিজ্য’ করেছেন। কিন্তু দলের তৃণমূল কর্মী ও সাধারণ ভোটাররা ভোট নিয়ে বাণিজ্য করবেন না। তাই সুষ্ঠু নির্বাচন হলে তাঁরাই বিজয়ী হবেন।
দলের উপজেলা পর্যায়ের নেতারাও মনোনয়ন নিয়ে বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেননি। ৩১ মার্চ দ্বিতীয় ধাপে গোপালপুরের সাতটি এবং ভূঞাপুরের ছয়টি ইউনিয়নের নির্বাচন হবে। ভূঞাপুরের ছয়টি ইউনিয়নেই আওয়ামী লীগের মোট নয়জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। অপরদিকে গোপালপুরের চারটি ইউনিয়নে আওয়ামী লীগের আটজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। গত শুক্রবার এই বিদ্রোহী প্রার্থীদের আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করেছে।
দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বিদ্রোহী প্রার্থীদের ওপর বহিষ্কারের আদেশের কোনো প্রভাব দেখা যায়নি। অনেক বিদ্রোহী প্রার্থী জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে বহিষ্কার হতে হবে, এটা মেনে নিয়েই তাঁরা নির্বাচন করছেন। এই বহিষ্কার তাঁদের নির্বাচনী মাঠে কোনো প্রভাব ফেলবে না।
দুই উপজেলার অন্তত পাঁচজন বিদ্রোহী প্রার্থী দলের নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে, আত্মীয়স্বজনদের এবং নিজেদের অনুগত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার অভিযোগ তুলেছেন। ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘আমি বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হওয়ার পরেও জেলা আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতার আত্মীয়কে মনোনয়ন দেওয়া হয়েছে। সাধারণ নেতা-কর্মীরা আমার সঙ্গে আছে। তাই আমাকে বহিষ্কার করে দমানো যাবে না।’
ভূঞাপুরের অলয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিজ উদ্দিন আকন্দের অভিযোগ, দলীয় নেতাদের মূল্যায়ন না করে নেতারা মনোনয়ন-বাণিজ্য করেছেন। তাঁরা টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি করেছেন।
গোপালপুরের হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী রওশন খান বলেন, ‘মোটা টাকার বিনিময়ে জেলা আওয়ামী লীগের এক নেতার আত্মীয়কে মনোনয়ন দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি দলের কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ দিয়েছি।’ একই অভিযোগ হাদিরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল কাদের তালুকদারের। তিনি বলেন, ‘উচ্চমূল্যে আমার ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন জনবিচ্ছিন্ন এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। আমার পেছনে সাধারণ নেতা-কর্মী রয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে আমিই বিজয়ী হব। তাই বিদ্রোহী প্রার্থী হয়েছি।’
মনোনয়ন-বাণিজ্য, নেতাদের আত্মীয়স্বজন ও অনুগতদের মনোনয়ন প্রদানের অভিযোগ প্রসঙ্গে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘মনোনয়ন-বাণিজ্য ও আত্মীয়স্বজনদের মনোনয়ন দেওয়ার অভিযোগ সবক্ষেত্রে সত্য না হলেও অনেক ক্ষেত্রেই এর সত্যতা রয়েছে। এ বিষয়ে এর বেশি মন্তব্য করব না।’
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ মাসুদুল হক অভিযোগের কিছুটা সত্যতা আছে স্বীকার করে বলেন, দলের অনেক নেতাই বিদ্রোহীদের মদদ দিচ্ছেন।