‘মনোনয়ন’ দিয়ে মুখরক্ষা হয়নি সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীতে আওয়ামী লীগের সাংসদেরা দলীয়ভাবে প্রার্থীদের সমর্থন দিয়েছিলেন। কিন্তু তাঁদের মুখরক্ষা হয়নি। জেলার নয়টি উপজেলার ৬২টি ইউনিয়নের মধ্যে ‘আওয়ামী লীগ-সমর্থিত’ প্রার্থীরা মাত্র ১৫টিতে জিতেছেন।দলীয় সূত্রে জানা গেছে, জনসমর্থন না থাকলেও অনুগত ব্যক্তিদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় এবং কোন্দলের কারণে এবার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে।জেলায় গত ৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত মোট ৭১টি ইউনিয়নের মধ্যে ৬২টিতে নির্বাচন হয়েছে। সীমানার জটিলতার কারণে নয়টি ইউনিয়নে নির্বাচন হয়নি। এতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা ১৫টিতে, বিএনপির ৪০টি, জামায়াতের চারটি এবং তিনটিতে সাংসদদের সমর্থন না পেয়েও আওয়ামী লীগের অনুসারী প্রার্থীরা জিতেছেন।অথচ ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে রাজশাহী জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের ৩৪ জন, বিএনপির ২৭, জামায়াতের পাঁচ ও অন্যান্য দলের পাঁচজন নির্বাচিত হয়েছিলেন।দলীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলায় পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ আবদুল ওয়াদুদ তাঁর মুঠোফোনে ঢাকা থেকে উপজেলার সাতটি ইউনিয়নের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেই ঘোষণা দুর্গাপুর বাজারে কয়েক হাজার মানুষের মধ্যে মাইকে প্রচার করা হয়। সাংসদের সাতজন প্রার্থীর একজনও নির্বাচনে জিততে পারেননি। সাত ইউনিয়নেই বিএনপির প্রার্থীরা জিতেছেন। দুর্গাপুর উপজেলা সৈনিক লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস বলেন, জনসমর্থন না থাকলেও সাংসদ আবদুল ওয়াদুদ নিজের অনুগত লোকদের প্রার্থী করেছেন, যে কারণে নির্বাচনে এই ভরাডুবি হয়েছে। একইভাবে পুঠিয়ার একটি ইউনিয়নে নির্বাচন হয়েছে। সেখানেও বিএনপি জিতেছে।মোহনপুর উপজেলায় ছয়টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। এই উপজেলায় আওয়ামী লীগের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা প্রতিটি ইউনিয়নে প্রার্থী দিয়েছিলেন। তাঁর বিপরীতে স্থানীয় আওয়ামী লীগও প্রার্থী দিয়েছিল। এতে ছয়টির মধ্যে শুধু একটিতে সাংসদের প্রার্থী জিতেছেন। বাকি পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জিতেছেন।একইভাবে পবায় আটটি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মাত্র দুটিতে জিতেছে। বিএনপি পাঁচটি ও জামায়াত একটিতে জিতেছে। বাঘা উপজেলায় দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুটিতেই বিএনপির সমর্থিত প্রার্থীরা জিতেছেন।বাগমারায় ১৬টি ইউনিয়নের মধ্যে সাংসদ এনামুল হকের সমর্থিত মাত্র তিনজন প্রার্থী জিতেছেন। নয়টিতে বিএনপি, একটিতে জামায়াত ও তিনটি সাংসদের সমর্থন না পেয়ে আওয়ামী লীগের অনুসারী প্রার্থীরা জিতেছেন।এ ছাড়া গোদাগাড়িতে নয়টি, তানোরে সাতটি ও চারঘাটে ছয়টির মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা তিনটি করে ইউনিয়নে জিতেছেন। বাকি ইউনিয়নগুলোর মধ্যে গোদাগাড়িতে জামায়াতের একটি ছাড়া সব ইউনিয়নে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন।সাংসদদের মধ্যে শুধু পবা-মোহনপুর আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, দলের একাধিক প্রার্থী এবং ভালো প্রার্থী না থাকার কারণে নির্বাচনে এই বিপর্যয় হয়েছে। অবশ্য তিনি দাবি করেন, তিনি কোনো প্রার্থীকে সরাসরি মনোনয়ন দেননি, তবে আশীর্বাদ করার কথা স্বীকার করেছেন।রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী দাবি করেন, তাঁর সংসদীয় এলাকা তানোর-গোদাগাড়িতে আগে যা ছিল, এবারের অবস্থা তার চেয়ে ভালো হয়েছে।