'মন্ত্রিসভায় আর পরিবর্তনের সম্ভাবনা নেই'

ঈদের পর মন্ত্রিপরিষদে আর বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার দুপুরে সিলেটের যুগলটিলায় রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রিসভায় সাম্প্রতিক রদবদল সম্পর্কে সাংবাদিকেরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় যে পরিবর্তন এনেছেন, তাতে দেশের উন্নয়নের পথ সুগম হবে। মন্ত্রিপরিষদে পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া। নতুন করে সরকার গঠনের পর যে পরিবর্তন প্রয়োজন ছিল, প্রধানমন্ত্রী সেটাই একটু দেরি করে বাস্তবায়ন করেছেন। আমার মনে হয় না আর বড় কিছু হবে।’
ইসকনের সাধারণ সম্পাদক শ্রীপদ চারুচন্দ্র ব্রহ্মচারীর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থমন্ত্রী। সভায় খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অর্জুন মালাকার, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বক্তব্য দেন।
বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী বলেন, ‘বক্তব্য দেওয়ার মানসিকতা নেই। আজ সবার সুন্দর সুন্দর বক্তব্য শুনলাম। সকলের বক্তব্য শুনে মনটা ভরে গেছে। এসব উৎসবে এমনই হওয়া উচিত।’
সিলেটে রথযাত্রার স্মৃতিচারণা করে মুহিত আরও বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, সেই সময়ই সিলেটে রথ উৎসব পালন করা হতো। সেই উৎসবে আমরা অংশ নিতাম। সেখানে গিয়ে লুকলুকি (একটি ফলের নাম) ও বাতাসা খেতাম।’
বাংলাদেশের মূল পরিচয় সাম্প্রদায়িক সম্প্রীতি উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘একটি গোষ্ঠী এই সম্প্রীতি নষ্ট করতে চায়। এদের কঠোর হস্তে দমন করা হবে।’ তাছাড়া বাংলাদেশে উগ্রবাদীদের ঠাঁই নেই বলেও তিনি উল্লেখ করেন।