'মন্ত্রী আইতাছে শুইন্যা ভাঙা রাস্তা মেকাব দিতাছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা-নবাবগঞ্জ সড়কের অবস্থা দেখতে গিয়েছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তাই ঢাকা বিভাগীয় সড়ক ও জনপথের কর্মকর্তা-কর্মচারীরা ভোররাত থেকেই তাড়াহুড়ো করে ঢাকা-নবাবগঞ্জ সড়কের বন্দডাকপাড়া এলাকার মোনা ট্রেড সেন্টারের পাশের খানাখন্দে ভরা সড়কটিতে বালি ও ইটের খোয়া ফেলে কাজ শুরু করেন।

সড়কটি দিয়ে প্রতিদিন যাওয়া-আসা করেন রুহিতপুর গ্রামের বাসিন্দা বশির মিয়া। সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় তিনি বলেন,  ‘মন্ত্রী আইতাছে শুইন্যা ভাঙা রাস্তা মেকাব দিতাছে। এর আগে এ রাস্তাটা কেউ ঠিক করবার আহে নাই।’

স্থানীয়দের অভিযোগ, সড়কটির এই অংশ দীর্ঘদিন ভাঙা থাকলেও এত দিন তা সংস্কার করা হয়নি।

ওই রাস্তায় যাতায়াতকারী একাধিক যানবাহনের চালক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ঈদের সপ্তাহ খানেক আগে যোগাযোগমন্ত্রী আসার সংবাদ পেয়ে সওজের লোকজন রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন। খানাখন্দে জমে থাকা পানি দমকল দিয়ে সরানো হয়। কিন্তু মন্ত্রী চলে যাওয়ার পর থেকেই সংস্কারকাজ বন্ধ হয়ে যায়। আজ আবার মন্ত্রী আসছেন, তাই রাস্তাটি মেরামত করার জন্য সওজ সকাল থেকে ইট ও বালি ফেলছে। তাঁরা বলেন, এসব লোক দেখানো কাজ বন্ধ করা উচিত এবং সরকারের এ ব্যাপারে সুদৃষ্টি দেওয়া দরকার।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী। তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, কাজের কোনো অগ্রগতি হয়নি। কাজ শেষ করার জন্য কর্মকর্তাদের ১০ দিন সময় দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। এ সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হায়দার প্রথম আলো ডটকমকে বলেন, কাজ বন্ধ রাখার বিষয়ে লোকজন যে অভিযোগ করেছে সেটি সঠিক নয়। কাজ বন্ধ রাখা হয়নি। রাস্তার পাশে ড্রেন থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কটি আপাতত চলাচলের উপযোগী করা হচ্ছে।