‘মন্ত্রী-এমপিরা লুটপাটের প্রতিযোগিতায় নেমেছেন’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে দুর্নীতি ও লুটপাটের মহোৎসব চলছে। মহাজোট সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। লুটপাটের টাকা এখন মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর গাড়িতে পাওয়া যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে প্রধানমন্ত্রী রহস্যজনক আচরণ করছেন। গতকাল শুক্রবার শহরতলির দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ছিন্নমূল কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় ছদু চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত খতনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে নোমান এ কথা বলেন। নোমান বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। কুইক রেন্টাল প্ল্যান্টের নামে সরকারের মন্ত্রীরা কোটি কোটি টাকা লুটপাট করছেন। দেশের বিদ্যুতের সমস্যা সমাধান হচ্ছে না। মন্ত্রীদের দুর্নীতির টাকা বিনিয়োগ করতে সরকারি দলের নেতাদের প্রাইভেট ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্র পরিচালনায় সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে নোমান মন্তব্য করেন।