'মন্ত্রী কিছু করতে পারবেন না, এটা কেমন কথা?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসির উদ্দীন আহমেদ বলেছেন, ‘চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় ভালো মানের মেয়েদের একটি স্কুল। এই স্কুলের আশপাশে প্রায় ১০০ কোচিং সেন্টার রয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহোদয় অসহায়ত্ব প্রকাশ করলেন। সরকারের একজন মন্ত্রী, কিছু করতে পারবেন না। এটা কেমন কথা?’

বৃহস্পতিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রেষ্ঠ জেলা ও উপজেলা কমিটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ এ মন্তব্য করেন। দুদকের আয়োজনে দুর্নীতি প্রতিরোধে শ্রেষ্ঠ জেলা ও উপজেলা কমিটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের পরিচালক মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম।

নাসির উদ্দীন আহমেদ বলেন, ‘দুদক যতটা সম্ভব কাজ করে যাবে। দুদকের শক্তি জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিটি সেক্টরে দুর্নীতি প্রতিরোধ করব। যদিও আমাদের মধ্যে সমস্যা রয়েছে। এরপরও আমরা কাজ করে যাচ্ছি, সফলতা আসবেই।’

দুদক কমিশনার বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের লেখাপড়ার কী অবস্থা—এ বিষয়ে আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন, যাদের ট্যাক্সের (কর) পয়সায় আমার সংসার চলে, তাদের সেবা দিতে হবে। অনেকে বলেন, আমি পিএইচডি করেছি, আমি মাস্টার্স করেছি। আমি অমুক, আমি তমুক। আপনি এখন বড় পদে আছেন। আসলে পরিচয় দিয়ে কী হবে? তাতে জনগণের কী লাভ হয়েছে? এ বিষয়গুলো ভেবে দেখতে হবে।’

দুদক কমিশনার নাসির উদ্দীন বলেন, ‘আমরা অনেকেই সহধর্মিণীর (স্ত্রী) দ্বারা প্রভাবিত হয়ে দুর্নীতি করি। আমাদের ভেতরও কিছু সমস্যা আছে। আমরা যদি ঠিকমতো অফিস না করি, এটাও দুর্নীতি। এ ব্যাপারে আমাদের সজাগ থাকা উচিত। ভালো কাজ করতে আমাদের চেষ্টা থাকতে হবে।’

এ বছর দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রেষ্ঠ জেলা হিসেবে খাগড়াছড়ি এবং শ্রেষ্ঠ উপজেলা হিসেবে বাঁশখালী, চকরিয়া ও লাকসাম মনোনীত হয়। শ্রেষ্ঠ জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কার তুলে দেন দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ।