'মন্ত্রীকে খুশি করতে রাস্তায় প্রলেপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে আবারও বরিশাল-ঢাকা মহাসড়কে সংস্কারকাজ শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার সড়ক সংস্কারে নামে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বড় বড় গর্তে ফেলা হচ্ছে শুধু ইট-বালু। পরক্ষণেই বৃষ্টি এবং অতিরিক্ত যানবাহনের চাপে ইট-বালু উঠে গিয়ে আরও খারাপ অবস্থার সৃষ্টি হচ্ছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা পর্যন্ত বরিশাল অংশের ৪৮ কিলোমিটারের মধ্যে ৩১ কিলোমিটার এলাকা ঘুরে খানাখন্দে ভরা সড়কে দুর্দশার চিত্র পাওয়া গেছে। বরিশাল থেকে টরকী পর্যন্ত ৩১ কিলোমিটার সড়কই খানাখন্দে ভরা। এর মধ্যে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, শিক্ষা বোর্ড এলাকা, সাত মাইল, বাবুগঞ্জের রহমতপুর, বরিশাল ক্যাডেট কলেজ, মাহিলারা, বামরাইল, বাটাজোড়, বার্থী, আশোকাঠি ও টরকী এলাকায় বৃষ্টির পানিতে সড়কের বিটুমিন উঠে গেছে। তবে সড়কের দুটি স্থানে সওজের কর্মীদের জোড়াতালি দিতে দেখা গেছে।
মহাসড়কের মাহিলাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, গত ঈদে সড়ক মেরামতের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় স্থানীয় জনতা বিক্ষোভ করেছিল। আটকে রাখা হয়েছিল সওজের সহকারী প্রকৌশলীকে। তখন মাহিলাড়া থেকে বড়বাড়ী পর্যন্ত কাজ কিছুটা ভালো হয়েছিল। বাকি অংশের সড়কে ইট-বালুর মিশ্রণ ফেলা হয়েছিল। সেগুলো অল্প দিনেই উঠে গেছে। বামরাইল ও বাটাজোড় এলাকায় ইট-বালু দিয়ে মহাসড়কের গর্ত ভরাট করতে দেখা গেছে। সেখানে সওজের ঠিকাদার বাবুল সরদার বলেন, জরুরিভাবে রোড ট্রিটমেন্ট ঠেকা দেওয়ার কাজ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোজার ঈদের দুই দিন আগে ঘরমুখী যাত্রীদের সুবিধার জন্য সওজ ৩০ লাখ টাকা ব্যয়ে মেরামত করেছিল মহাসড়কটি। তবে এক সপ্তাহেই মহাসড়ক আগের অবস্থায় ফিরে আসে।
বাটাজোড় এলাকায় হাসেম ব্যাপারী বলেন, ‘শুনেছি, মন্ত্রীর নির্দেশে কাজ শুরু হয়েছে। ইট দিয়ে একটু সমান করে চলে যায়।’ আবুল কালাম বলেন, আসলে মন্ত্রীকে খুশি করার জন্য তড়িঘড়ি করে রাস্তায় প্রলেপ দেওয়া হচ্ছে।
গতকাল মহাসড়কের ৩১ কিলোমিটার সড়ক পরিদর্শনকালে বামরাইল থেকে ভুরঘাটার দিকে তিন কিলোমিটার সড়কে ইট-বালু দিয়ে সংস্কার কাজ করতে দেখা গেছে। সওজের কর্মী (ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট) মো. শামসুল হক জানান, ঈদে যান চলাচলের সমস্যা দূর করতে ভুরঘাটা পর্যন্ত সংস্কার করা হবে।
বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী খালেদ শাহেদ প্রথম আলোকে বলেন, গত ঈদের আগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে জরুরি সংস্কার করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে সংস্কার টিকছে না। গতকাল থেকে আবারও সংস্কারকাজ শুরু হয়েছে। বর্ষার কারণে বিটুমিনের কাজ করা যাচ্ছে না। ঈদের পর বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা পর্যন্ত পুরোদমে সংস্কার কাজ করা হবে। এ জন্য সাড়ে ১৪ কোটি টাকার দরপত্র শেষে কার্যাদেশ দেওয়া হয়েছে।