‘মমতাজ হাসপাতালে’ বন্ধুসভার গাছের চারা রোপণ
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের টানহাসাদিয়া গ্রামে গড়া রিকশাচালক জয়নাল আবেদীনের ‘মমতাজ হাসপাতাল’-এর জমিতে বিভিন্ন প্রকার শতাধিক ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।গতকাল শুক্রবার সকালে প্রথম আলো ময়মনসিংহ বন্ধুসভার বাৎসরিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩০ জন সদস্য মমতাজ হাসপাতালটি পরিদর্শন শেষে এসব চারা রোপণ করেছে। এর আগে বন্ধুসভার সদস্যরা এমন মহৎ উদ্যোগের জন্য রিকশাচালক মো. জয়নাল আবেদীন এবং এই বিশেষ মানুষটিকে খুঁজে বের করে প্রতিবেদন করায় প্রথম আলোর ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের হাতে ফুলের তোড়া তুলে দেয়। এ সময় বন্ধুসভার সদস্যদের টাকায় হাসপাতালের রোগীদের জন্য কিছু খাওয়ার স্যালাইনও জয়নাল আবেদীনের হাতে তুলে দেওয়া হয়।এ সময় এক মতবিনিময়কালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন, গ্রামবাসী মো. সেকান্দর আলী, ব্যবসায়ী বুলবুল আহাম্মেদ। বিকেলে ময়মনসিংহ বন্ধুসভার সদস্যরা স্থানীয় এলাকাবাসীর সঙ্গে হাসপাতাল প্রাঙ্গণে এক প্রীতি ফুটবল খেলায় অংশ নেয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। তা ছাড়া দুপুরে জয়নাল আবেদীনকে সঙ্গে নিয়ে বন্ধুসদস্য তাহমিনা শেখ আশা তার জন্মদিনের কেক কেটে দিনটি উদ্যাপন করে।