‘মরণফাঁদ’ দিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইক্ষ্যংছড়ি-চাকঢালা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রধান সড়ক এটি। এই সড়কে চারটি কাঠের সেতুর সব কটিরই পাটাতন ভেঙে জরাজীর্ণ হয়ে পড়েছে। তার পরও সেতুগুলোর ওপর দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।এমনকি সড়কের দুই পাশে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, বিজিবির সদস্য ও এলাকার লোকজন প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতুগুলো পার হচ্ছেন। হাঁটাচলার সময় পা পিছলে বা গাড়ির চাকা হড়কে গেলে ৮০-৯০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়তে হবে। ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি উপজেলা সদর থেকে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদ জানান, প্রায় ২০ বছর আগে স্থানীয় ব্যবসায়ীরা উপজেলার প্রধান এ সড়কে চারটি পাহাড়ি খালের ওপর (খালেদার বাপেরপাড়া, সালামিপাড়া, ম্রা চং চাকপাড়া ও বিছামারা এলাকায়) আরআরসি পিলার দিয়ে কাঠের চারটি সেতু নির্মাণ করে দেন। এর পর থেকে নানা আন্দোলন-সংগ্রাম করেও কাঠের সেতুগুলো পাকা করা সম্ভব হয়নি। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সেতুগুলোর কাঠের পাটাতন ভেঙে গেলে সাত দিন এই সড়কে যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় ব্যবসায়ীরা সেতুগুলো মেরামত করে হাঁটাচলার উপযোগী করে তুললেও যেকোনো মুহূর্তে এসব সেতু ভেঙে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও চাকঢালায় মিয়ানমারের সীমান্ত এলাকা রয়েছে প্রায় ৩৩ কিলোমিটার। এসব এলাকায় মিয়ানমারের কাঁটাতারের বেড়া তৈরি, তমব্রু খাল দখল করে বাঁধ নির্মাণ, রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ নিয়ে সীমান্তরক্ষীদের তৎপর থাকতে হয়। ওই সীমান্তে নিরাপত্তা বাহিনীর একাধিক ফাঁড়িও রয়েছে। বিশাল এই সীমান্ত এলাকা পাহারার দায়িত্ব পালন করতে হয় নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়কপথে যোগাযোগের মাধ্যমে। এর বিকল্প অন্য কোনো সড়ক এ উপজেলায় নেই।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কয়েকজন সদস্য জানান, চারটি ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর কারণে তাঁদের নিয়মিত টহল তৎপরতা ও অভিযান ব্যাহত হচ্ছে।স্থানীয় লোকজন জানান, এ সড়কের দুই পাশে ১২টির বেশি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা রোজ ভাঙাচোরা সেতুগুলো ডিঙিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাওয়া-আসা করেন। বহু চাষি খেতখামার ও পাহাড়ে উৎপাদিত ফসল বাজারে নিতে না পেরে গ্রামগঞ্জে পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের হেডম্যান চাকপাড়ার ৮০-৯০ ফুট দীর্ঘ খালেদার বাপের কাঠের সেতুটি ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। পাকা খুঁটির ওপর কাঠের সেতুটি দূর থেকে নিরাপদ মনে হলেও মাঝামাঝিতে বড় বড় ভাঙা চোখে পড়ে। কাঠগুলো বৃষ্টিতে ভিজে ভেঙে পড়ায় এ অবস্থা হয়েছে। কাঠগুলো পচে নরম হয়ে গেছে। হাঁটাচলার সময় পা পিছলে বা কাঠ ভেঙে পড়ে গেলে ৮০-৯০ ফুট নিচে পড়তে হবে। সড়কের ওপর স্থাপিত আরও তিনটি কাঠের সেতুরও একই অবস্থা।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) নাইক্ষ্যংছড়ির প্রকৌশলী মো. জামির হোসেন জানান, সড়কটি আগে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন ছিল। এখন এটি এলজিইডিতে হস্তান্তর করা হয়েছে। এই সড়ক এবং সড়কের মধ্যে থাকা কাঠের সেতুগুলো সংস্কারের জন্য প্রায় ছয় কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে গত মঙ্গলবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করি, আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ এ সড়কের সংস্কার ও স্থায়ী সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব।