
শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গতকাল বুধবার তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন। এদিন দুজন শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাননি শিক্ষকেরা। তাঁরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে শিগগির আরও কঠোর কর্মসূচি দেবেন।
বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ জানুয়ারি থেকে লাগাতার অবস্থানের পর গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করেন এসব শিক্ষক।
গতকাল অনশনস্থলে গিয়ে দেখা গেছে, খোলা আকাশের নিচে শিক্ষকেরা শুয়ে-বসে আছেন। অনশনে যোগ দিয়েছেন রংপুর মিঠাপুকুরের চাঁদপাড়া নুরানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহানূর ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, জাতীয়করণ হলে অবহেলিত শিক্ষকেরা ভালো থাকবেন। শিক্ষার্থীদেরও ভালো হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন করে যাবেন বলে জানান এই শিক্ষক।
সব শিক্ষকের বক্তব্য কমবেশি একই। অনশনের পাশাপাশি শিক্ষকেরা দাবির সমর্থনে বক্তৃতা করছিলেন। ক্ষণে ক্ষণে ‘মরতে হয় মরব, দাবি আদায় করব’সহ বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন শিক্ষকেরা।
লিয়াজোঁ ফোরামের উপদেষ্টা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা আমরণ অনশন করে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো ‘সুখবর’ না আসায় তাঁরা ক্ষুব্ধ। তাঁরা আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের দাবি মেনে নেবেন। তবে দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
সূত্রমতে, এখন পর্যন্ত পুরো শিক্ষা জাতীয়করণে সরকারের উদ্যোগ নেই। এখন যেসব উপজেলায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেগুলোতে একটি করে বিদ্যালয় ও কলেজকে জাতীয়করণ করার সিদ্ধান্ত আছে। সেই লক্ষ্যেই কাজ চলছে।