'মরব, তবু বাপ-দাদার ভিটা ছাড়ব না।'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে সরকার ঘোষিত জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ বিকেলে এলাকাবাসী আয়োজিত সমাবেশে এ কথাটিই উঠে এসেছে বক্তাদের বক্তব্যে এবং মানুষের মিলিত স্লোগানে। 

আজ বৃহস্পতিবার বেলা তিনটায় ময়মনসিংহ শহরতলির কাচারিঘাট (মেরা বাগান) এলাকায় এলাকাবাসীর ব্যানারে একটি মানববন্ধন হওয়ার কথা ছিল। বেলা দুইটা থেকেই চরাঞ্চলের চর ঈশ্বরদিয়া, চর গোবিন্দপুর, চর আনন্দিপুর, চর ভনানীপুর, চর দুর্গাপুর গ্রামের বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী-পুরুষ কাচারিঘাট এলাকায় সমবেত হয়। পরে তাৎক্ষণিক সিদ্ধান্তে মানববন্ধনের পরিবর্তে জনসমাবেশ করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ নগর গড়তে ব্রহ্মপুত্র চরাঞ্চলের চর ঈশ্বরদিয়া, চর গোবিন্দপুর, চর আনন্দিপুর, চর ভনানীপুর, চর দুর্গাপুর গ্রামের ৪ হাজার ৩০০ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন জানান, জমি অধিগ্রহণের সিদ্ধান্ত সরকারের। যাঁদের জমি অধিগ্রহণ করা হবে, তাঁদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব সরকার নেবে।
সরকারের এ সিদ্ধান্তের কথা জানাজানি হওয়ার পর থেকেই প্রায় এক মাস ধরে নিজেদের ফসলের জামি-বসতভিটা রক্ষার জন্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে ওই পাঁচটি গ্রামের মানুষ।
আজ বিকেলে কাচারিঘাটের সমাবেশে দেখা যায়, প্রখর রোদের মধ্যে সমাবেশস্থলে জড়ো হয় পাঁচটি গ্রামের নারী-পুরুষ। সমাবেশে যোগ দেওয়া মানুষের হাতে ফেস্টুনে লেখা, ‘মোদের দাবি একটাই, বসতভিটায় থাকতে চাই’, ‘আমাদের দাবি মেনে নাও, নইলে মুখে বিষ দাও’, ‘বিভাগ চাই উন্নয়ন চাই, বসতভিটায় থাকতে চাই’ ইত্যাদি স্লোগান। তাঁরা বলেন, আমরা বিভাগ ও ময়মনসিংহের উন্নয়ন চাই, তবে আমাদের বসতভিটায় আমাদের থাকতে দিতে হবে।
সমাবেশে আন্দোলনের সঙ্গে থাকা স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা হারুনুর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নাম বলে একটি কুচক্রী মহল আমাদের ফসলের জমি ও বসতভিটা গ্রহণ করতে চাইছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে বলছি, আপনি আমাদের মা। আপনি একবার খোঁজ নিয়ে দেখেন, কীভাবে আমাদের প্রায় ১৫ হাজার পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে।’
হারুনর রশীদ বলেন, ‘আমরা চাই ময়মনসিংহে বিভাগীয় কার্যালয় ও আধুনিক শহর হোক। এর জন্য বসতভিটা থেকে আমাদের উচ্ছেদ না করে সরকার জমি অধিগ্রহণ করতে পারে।’
চর ঈশ্বরদিয়া ইউনিয়নের জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘জমি অধিগ্রহণে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র রয়েছে। বিষয়টি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, এই নকশা বাদ দিয়ে নদীর তীর ঘেঁষে জমি অধিগ্রহণের নতুন নকশা করা হোক। তা না হলে আন্দোলন আরও বেগবান হবে।’
সমাবেশে কাফনের কাপড় পরে যোগ দেন চর ঈশ্বরদিয়া গ্রামের রফিকুল ইসলাম ও একই গ্রামের সৈয়দ মো. গোলাম মোস্তফা। তাঁরা বলেন, ‘বসতভিটা থেকে উচ্ছেদের আগে আমরা লাশ হব।’
চর ঈশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে এ অঞ্চলের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন নেতা সমাবেশে বক্তব্য দেন।