'মরা চালের জন্য কেউ পাতিলের ভাত ফেলে দেন না'
পৌরসভা নির্বাচন সম্পর্কে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সারা দেশে এ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। যাঁরা এর বিরুদ্ধে কথা বলছেন তাঁদের বলব, ভাতের ভেতর দুই-একটা মরা চাল থাকে, সেটার জন্য পাতিলের ভাত কেউ ফেলে দেন না। তিনি বলেন, আওয়ামী লীগ যে শৃঙ্খলার মধ্যে চলে এটা প্রমাণ করার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল বেলা ১১টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল ও উদ্দীপনার টাকা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিমন্ত্রী ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে একটি ঐতিহ্যবাহী দল। বসন্তের কোকিল হিসেবে এ দলে আসিনি। দুঃখের দিন পাড়ি দিতেই আওয়ামী লীগে এসেছি। ১৯৭৯ সালে আওয়ামী লীগে যোগদান করি। তখন দলীয় অফিসে বিদ্যুৎ ও টেলিফোন ছিল না। তেল কিনে বাতি জ্বালাতো হতো। আওয়ামী লীগে যোগদানের আগে বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। বঙ্গবন্ধু নিজে আমাকে সিলেকশন দিয়েছিলেন।’
মন্ত্রী উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬৩ শিক্ষার্থীকে ৫০০ টাকা করে দুই লাখ ৩১ হাজার ৫০০ টাকা নগদ এবং ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১৫৯ শিক্ষার্থীর মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক এমএ পারভেজ রহিম, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লা ও পৌরসভার নব নির্বাচিত মেয়র মো. আবু বক্কর সিদ্দিক ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফজলুল হকসহ দল ও অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।