'মরা ছেলেডারে আর কষ্ট দিতে চাই নাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার অভাব তো আছেই। আছে মহাসড়কে যানজটসহ লাশ নিয়ে যাওয়ার বিভিন্ন ঝক্কি। এসব ঝামেলায় কষ্ট দিতে চান না মৃত আদরের সন্তানকে। তাই নিজের কষ্ট বুকে চাপা দিয়ে রাজধানীর আজিমপুর কবরস্থানেই ছেলেকে দাফন করে গেলেন মা হাসিনা বেগম।

এই মায়ের সন্তান মো. হাসান (১৭) গত বৃহস্পতিবার সকালে সায়েদাবাদের জনপথ মোড়ে বাসে অবরোধ-সমর্থকদের দেওয়া আগুনে দগ্ধ হয়। পরিবহনশ্রমিক হাসান থেমে থাকা ইশরাত পরিবহনের বাসটিতে ঘুমিয়ে ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় সে মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

হাসিনা বেগম বলেন, ‘আগুনে পুইড়া এমনিতেই আমার ছেলে কষ্ট পাইছে। যানজট ঠেইলা চট্টগ্রামে যাইতে জীবিতরাই কষ্ট পায়, আমার মরা ছেলেডারে আর কষ্ট দিতে চাই নাই।’

হাসানের মা হাসিনা বেগম তাঁর ছোট মেয়ে নাসরিন আক্তারকে নিয়ে থাকেন চট্টগ্রামের এ কে খান মোড়সংলগ্ন আজম রোডে। প্রায় ১০ বছর আগে অন্য একজনকে বিয়ে করে চলে গেছেন হাসিনার স্বামী নাজিম উদ্দিন। অভাবের সংসারের হাল ধরতে চার-পাঁচ মাস ধরে ঢাকায় পরিবহনশ্রমিকের কাজ করছিল কিশোর হাসান। ছেলের দগ্ধ হওয়ার খবর তৎক্ষণাৎ পেলেও অবরোধের কারণে তখনই রওনা দিতে পারেননি তিনি। অবরোধ শেষ হলে বিকেল পাঁচটার দিকে ঢাকার বাসে ওঠেন তিনি ও স্বজনেরা। কিন্তু তাঁরা ঢাকায় পৌঁছার আগেই মারা যায় হাসান। হাসপাতালে গিয়ে মৃত ছেলের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন হাসিনা বেগম।

গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাসানের লাশের ময়নাতদন্ত হয়। তখন মর্গের এক পাশে বসে ছিলেন হাসিনা ও তাঁর মা বালি বেগম। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের পর বিকেলে নেওয়া হয় আজিমপুর কবরস্থানে। জানাজা শেষে সেখানে হাসানের লাশ দাফন করা হয়।

হাসিনা বেগম প্রথম আলোকে জানান, লাশ চট্টগ্রামে নিয়ে যাওয়ার মতো খরচ সামাল দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। বাসের মালিক সালাউদ্দিন সব খরচ বহন করার কথা বললেও, মৃত ছেলের কষ্টের কথা চিন্তা করে ঢাকায় দাফন করার সিদ্ধান্ত নেন তিনি। তিনি বলেন, ‘আগুনে পুইড়া এমনিতেই আমার ছেলে কষ্ট পাইছে। যানজট ঠেইলা চট্টগ্রামে যাইতে জীবিতরাই কষ্ট পায়, আমার মরা ছেলেডারে আর কষ্ট দিতে চাই নাই।’

হাসিনা বেগম বলেন, বাসের মালিক ২০ হাজার টাকা দেবেন বলেছেন। ইতিমধ্যে তিনি সাত হাজার টাকা দিয়েছেন। বাকি টাকা আজ শনিবার দেবেন। আপাতত তিনি গাজীপুরে এক আত্মীয়ের বাসায় থাকবেন। আজ আবার ঢাকায় আসবেন।

ওই বাসের মালিক সালাউদ্দিন বলেন, হাসানের দাফন-কাফন বাবদ খরচ তিনি বহন করেছেন। পরিবারকে ২০ হাজার টাকাও দেওয়া হবে। পরে হাসানের পরিবারের জন্য স্থায়ীভাবে কী করা যায়, তা নিয়েও সিদ্ধান্ত নেবেন। তিনি এই পরিবারের পাশে থাকার জন্য গণমাধ্যমকর্মীদেরও অনুরোধ জানান।