'মরা সড়কে মরণ দশা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক চার বছর ধরে বেহাল। ছবিটি গত সোমবার দুপুরে বালাগঞ্জ থেকে তোলা। প্রথম আলো
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক চার বছর ধরে বেহাল। ছবিটি গত সোমবার দুপুরে বালাগঞ্জ থেকে তোলা। প্রথম আলো

কোথাও কার্পেটিং উঠে পাথর বেরিয়ে এসেছে, কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত। আবার কোথাও ধুলা উড়ছে। ২৪ কিলোমিটার দীর্ঘ জেলার গুরুত্বপূর্ণ সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের ৯০ শতাংশেরই চিত্র এমন।

চার বছর ধরে এমন বেহাল থাকায় স্থানীয় ব্যক্তিরা এ সড়কের নামকরণ করেছেন ‘মরা সড়ক’। আর এটি দিয়ে চলাচলে যাত্রীদের ‘মরণ দশা’ হয় বলে এলাকাবাসী মন্তব্য করেছেন।

গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সড়কের চণ্ডীপুল, চকেরবাজার, টিলাপাড়া, টিকরপাড়া, সিলাম, নয়াবাজার, তেলিপাড়া, হাজীপুর, মাঝেরগাঁও, কলাবাগান, বটতলা, কাদিপুর, জালালপুর, আজমতপুর, হাসামপুর, বাদেশপুর, নওশিওরপুর, আলাপুর, সুলতানপুর, মোরারবাজার, চাম্পারকান্দি, জামালপুর, আজিজপুর, শিরিয়া অংশ খুবই বেহাল।

সড়কের পার্শ্ববর্তী ১৭টি গ্রামের ২৬ জন বাসিন্দা জানান, জেলার দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার ১১টি ইউনিয়নের অন্তত পাঁচ লাখ মানুষের চলাচলের এটিই একমাত্র সড়ক। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল পড়ে থাকলেও তা পুনর্নির্মাণে সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। অথচ স্থানীয় ব্যক্তিরা গুরুত্বপূর্ণ এ সড়ক সংস্কারের দাবি জানিয়ে মাঝেমধ্যেই সভা-সমাবেশ-মানববন্ধন করছেন।

সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে প্রতিদিন যাত্রী পরিবহন করেন বালাগঞ্জের গোরাপুর গ্রামের সিএনজি অটোরিকশাচালক আবদুল কাদির। তিনি বলেন, ‘একবার আমি বালাগঞ্জ উপজেলা থেকে এক প্রসূতিকে নিয়ে সিলেটে হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্যে যাচ্ছিলাম। সড়ক ভাঙাচোরা থাকায় ঝাঁকুনিতে ওই নারী রাস্তায়ই সন্তান প্রসব করেন।’ বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের রাজমিস্ত্রি রেহাদ আলী বলেন, ‘খুবই অসুবিধার মধ্যে রাস্তা দিয়া যাওয়া-আসা করি। বর্ষাত কাদা, শুকনায় ধুলা। বড় যন্ত্রণার মধ্যে আছি।’ শিবেরচক গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, সড়ক সংস্কারের দাবিতে গত বছর এলাকাবাসীর উদ্যোগে কয়েক দফা মানববন্ধন হয়েছে। এমনকি গত বর্ষা মৌসুমে ভাঙাচোরা রাস্তায় জমে থাকা কাদায় স্থানীয় ব্যক্তিরা ধানের চারা পর্যন্তও লাগিয়েছিলেন। তবু সংশ্লিষ্টদের বোধোদয় হয়নি।

 সিলাম এলাকার বাসিন্দা গৃহিণী মায়ারুন বেগম বলেন, ‘সড়কটা মরি গেছে। এই সড়কে যাতায়াতে মানুষের এখন মরণ দশা হয়।’ সিলেট জেলা অটোরিকশা সিএনজি মালিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ দিলওয়ার বলেন, ‘মাঝেমধ্যে কিছু ইট-পাথর ফেলে সংস্কার করা হয়। কয়েক দিনের মধ্যে সড়কটি আগের রূপ পায়।’

সওজ অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, এ সড়ক বর্তমানে ১২ ফুট প্রস্থ। এটিকে বাড়িয়ে ১৮ ফুট করে পুনর্নির্মাণ করা হবে। এ জন্য জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় একটি উদ্যোগও নেওয়া হয়েছে। এই প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দুই মাসের মধ্যে সড়কটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত আসবে। এরপরই দ্রুততার সঙ্গে কাজ শুরু করা হবে। সড়কের সম্ভাব্য নির্মাণ ব্যয় ৭০ কোটি টাকা।

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত সড়কের বেহাল অবস্থার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে। তাই বর্তমানে সড়কটি চলাচলে উপযোগী রাখতে কিছু জরুরি সংস্কার করা হবে। এর আওতায় শিগগিরই খানাখন্দগুলো ইট-পাথর-বিটুমিন ফেলে ভরাট করা হবে। সড়কটি পুনর্নির্মাণের আগ পর্যন্ত এভাবেই জরুরি সংস্কার করে গুরুত্বপূর্ণ এ সড়ক সচল রাখা হবে।’