‘মরার পর ওই সম্মান পেয়ে কী লাভ!’
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নাইমুল হক (৬৫)। মুক্তিযুদ্ধ করতে গিয়ে নিজে আহত হন। সেই সঙ্গে বৃদ্ধ বাবাসহ পরিবারের তিনজনকে হারান। তাঁর নেতৃত্বে ছয় পাকিস্তানি সেনাকে হত্যা করে অস্ত্র দখলের একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। সে সময় হারান একটি কিডনি। পেটে, পিঠে ও মাথায় আজও বয়ে বেড়াচ্ছেন যুদ্ধাহতের ক্ষতচিহ্ন। অথচ এখনো তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সরকারি ভাতা পাননি।নবম শ্রেণীতে পড়ুয়া এক ছেলে ও ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। সেনাবাহিনীর দুই হাজার টাকা অবসরভাতা ও এক বছর ধরে চালু হওয়া সাধারণ মুক্তিযোদ্ধা ভাতা (দুই হাজার টাকা) দিয়ে ঠিকমতো সংসার চলে না।দুটি সংস্থা থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে একটি মুদি দোকান শুরু করেছেন। দোকানভাড়া আর কিস্তির টাকা জোগাড় করতে গিয়ে প্রতি মাসেই হিমশিম খেতে হয় তাঁকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শারীরিক নানা সমস্যা। বাড়ছে চিকিৎসাজনিত খরচ।কান্নাভেজা কণ্ঠে নাইমুল হক বলেন, ‘এত দুশ্চিন্তা নিয়ে আর কত দিনই বা বাঁচব! হঠাৎ মারা গেলে পরিবার পথে বসবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতাটা পেলে অভাব কিছুটা ঘুচত। স্ত্রী ছেলেমেয়ের মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম। এ জন্যই কি যুদ্ধ করেছিলাম? মারা গেলে জাতীয় পতাকা দিয়ে শরীর ঢেকে গার্ড অব অনার দেবে। কিন্তু বেঁচে থেকেই যদি পাওনা সম্মান না পাই, তবে মরার পর ওই সম্মান পেয়ে কী লাভ!’ তিনি জানান, মুক্তিযুদ্ধ শেষে আবার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৯৮৫ সালে অবসর নেন।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, নাইমুল হক প্রকৃতই একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দরিদ্র লোক। বহু দিন আগেই তিনি আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে তদন্তও হয়েছে। তার পরও তাঁর যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা না পাওয়াটা অত্যন্ত দুঃখজনক।