'মরার ভোট, আমার মায়েরে কাইর্যা নিল'
‘বাপেরে (বাবা) কইছিলাম, কারও নির্বাচন করবার দরকার নাই। মেম্বারগো লেইগ্যা মাইনষের বকাঝোকা হুনবার পারুম না। বাপে হুনল না। অহন হেই নির্বাচনই আমার মায়েরে কাইর্যা নিল।’
মায়ের লাশের পাশে দাঁড়িয়ে এভাবেই আর্তনাদ করছিলেন আহত মেয়ে কমলা আখতার। গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে গাড়িতে মা নমেছা বেগমের (৫০) লাশ দেখার পর বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় পারুরিয়া গ্রামের নমেছা বেগম ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া তাঁর স্বামী ইমান শেখ (৬০), দুই ছেলে হাবু শেখ (২৪), আমিনুর শেখ (১৮) এবং দুই মেয়ে শিল্পী আখতার (১৭) ও কমলা (২৬) আহত হন। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আমিনুরকে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৃহস্পতিবার ইউপি নির্বাচনে বাঘুটিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সদস্যপদে মোরগ প্রতীকে তোতা শেখ ও টিউবওয়েল প্রতীকে শিপন খান প্রতিদ্বন্দ্বিতা করেন। ইমান শেখ ছিলেন শিপন খানের সক্রিয় কর্মী। এ কারণে ইমানের প্রতি তোতা শেখ ক্ষিপ্ত ছিলেন। নির্বাচনে তোতা শেখ বিজয়ী হন। এরপর রাত আটটার দিকে স্থানীয় বারুলিয়া বাজার থেকে তোতা শেখ ও তাঁর সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। রাত সাড়ে আটটার দিকে মিছিলটি ইমান শেখের বাড়ির সামনে পৌঁছায়। একপর্যায়ে মিছিলকারীরা ইমানকে বকাঝকা করেন। এ সময় প্রতিবাদ করলে লাঠিসোঁটা ও দা নিয়ে ইমান ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁর স্ত্রী নমেছা বেগম ঘটনাস্থলেই মারা যান।
গতকাল বিকেল চারটার দিকে সরেজমিনে দেখা যায়, ময়নাতদন্ত শেষে নমেছার লাশ বাড়িতে নিতে গাড়িতে তোলা হচ্ছে। এ সময় শেষবারের মতো মাকে দেখতে হাসপাতালে ভর্তি সন্তানেরা গাড়ির পাশে এসে কান্নায় ভেঙে পড়েন। স্ত্রীকে শেষ বিদায় জানাতে হাসপাতালের ভেতর থেকে ছুটে আসেন গুরুতর আহত ইমান শেখ।
ইমান আলী প্রথম আলোকে বলেন, তোতা শেখের নির্বাচন না করায় তিনি ও তাঁর লোকজন হুমকি-ধমকি দিতেন। নির্বাচনের আগের রাতে আরশেদ ফকিরসহ তোতার কয়েকজন কর্মী তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। শেষমেশ তাঁর স্ত্রীকে খুন করা হলো।
পরাজিত ইউপি সদস্য প্রার্থী শিপন খান বলেন, নির্বাচনে একজন ব্যক্তি তাঁর পছন্দের প্রার্থীর সমর্থন করতেই পারেন। কিন্তু এতে ওই পরিবারকে এত বেশি মূল্য দিতে হবে! এটি মানা যায় না। বিজয়ী ইউপি সদস্য তোতা শেখ আত্মগোপনে আছেন। গতকাল সন্ধ্যায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে দৌলতপুর থানার ওসি নাজমুল নিশাদ বলেন, হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় গতকাল ঢাকার সাভার থেকে আরশেদ আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।