‘মর্যাদা পান না বলে মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে কম যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি প্রসূতিসেবা ও নবজাতকের যত্নবিষয়ক এশিয়া আঞ্চলিক সম্মেলনে বিশেষজ্ঞরা বলেছেন, কিছু আর্থসামাজিক নিয়ামক নারীর স্বাস্থ্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। মর্যাদা পান না বলে অনেক নারী প্রসবকালে স্বাস্থ্যকেন্দ্রে যেতে চান না।রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার তাঁরা এ কথা বলেন।গতকালের প্রথম অধিবেশনে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ বুশরা আলম বলেন, শিক্ষার সুযোগ, গড় আয়ু, শ্রমশক্তি ও রাজনীতিতে অংশগ্রহণ, আইনগত ও মানবাধিকার, দারিদ্র্য পরিস্থিতি—এসব আর্থসামাজিক নিয়ামক নারীর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তিনি বলেন, গত ১৫ বছরে এ দেশে উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষায় মেয়েদের হার অনেক গুণ বেড়েছে। শিক্ষা নারীর স্বাস্থ্যের ওপর ইতিবাচক ভূমিকা রাখে।বুশরা আলম বিশ্বের বিভিন্ন অঞ্চলের পরিসংখ্যান দিয়ে বলেন, শ্রমশক্তিতে অংশগ্রহণ বাড়লেও কাজ ও মজুরির ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার। নিজের উপার্জনের ওপর নারীর কর্তৃত্ব তুলনামূলকভাবে বেশি থাকে। সেই উপার্জন থেকে নারী নিজের ও সন্তানের জন্য বেশি খরচ করেন। কাজেই বৈষম্য কমালে এবং নারীসংশ্লিষ্ট বিষয়ে বিনিয়োগ বাড়ালে প্রসূতি ও নবজাতক মৃত্যুহার আরও কমবে।অধিবেশনের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্মকর্তা মনির ইসলাম বলেন, সব দেশের মতো বাংলাদেশেও মাতৃমৃত্যু কমেছে। এ দেশে অস্ত্রোপচারে প্রসব বাড়ছে। প্রসব-পরবর্তী সেবার মান এখানে ভালো নয়। মনির ইসলাম তাঁর উপস্থাপনার একপর্যায়ে বাংলাদেশের স্বাস্থ্যকেন্দ্রের প্রসবকক্ষের ছবি দেখান। তাতে দেখা যায়, একটি কক্ষে অনেক মা ও নবজাতক গাদাগাদি করে আছে। পরিবেশ নোংরা। প্রসূতির জন্য প্রয়োজনীয় নিরিবিলি পরিবেশ ও গোপনীয়তা নেই। তিনি বলেন, ‘মর্যাদা ও সম্মান পান না বলে অনেক মা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে চান না।’এই সম্মেলনে প্রসব-পরবর্তী রক্তক্ষরণ, গর্ভকালীন ও প্রসবকালীন খিঁচুনি এবং মা ও নবজাতকের স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এতে ১৮টি দেশের সাড়ে তিন শ র বেশি চিকিৎসক, গবেষক, বিজ্ঞানী ও জরুরি প্রসূতিসেবা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।গত বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল উপস্থাপনায় ইউএসএআইডির নিরীক্ষণ ও মূল্যায়ন পরামর্শক কান্তা জামিল মাতৃ স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত নয় বছরে মাতৃমৃত্যু ৪০ শতাংশ কমেছে। বর্তমানে মাতৃমৃত্যুর প্রধান কারণ প্রসব-পরবর্তী রক্তক্ষরণ (৩১ শতাংশ) এবং খিঁচুনি (২০ শতাংশ)।বাংলাদেশ সরকার, ইউএসএআইডি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যৌথভাবে আয়োজিত এ সম্মেলন আগামীকাল শেষ হবে।