'মহসিন আলী ছিলেন সাদামনের মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ছিলেন একজন সাদামনের মানুষ। তিনি যেটা ভাবতেন বা বিশ্বাস করতেন সেটা অকপটে বলতেন। দেখেছি তিনি তাঁর এলাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে যা চাইতেন। দৃঢ়তার সাথে চাইতেন। এটা সাদামনের মানুষ বলেই সম্ভব ছিল।’
গতকাল বুধবার মৌলভীবাজার পৌর জনমিলনকেন্দ্রে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ। মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এই শোকসভার আয়োজন করে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস শহীদ, প্রয়াত মহসিন আলীর স্ত্রী ও সাংসদ সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফিরোজ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।