‘দেশে-বিদেশে প্রমাণ হয়েছে বর্তমান সরকার মহাচোর। এই মহাচোর সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।’ গতকাল বুধবার ১৮ দলীয় জোটের গণমিছিলের আগে এক সমাবেশে এই মন্তব্য করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণ থেকে গতকাল বিকেল সাড়ে চারটায় গণমিছিল শুরু হয়। মিছিলটি চট্টগ্রাম পুরাতন রেলস্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। এতে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলের আগে সমাবেশে ১৮ দলীয় জোটের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসে সরকার জনগণকে ডিজিটাল দুর্নীতি আর দুঃশাসন উপহার দিয়েছে। জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগরের আমির শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ও সাবেক সাংসদ রোজী কবির। সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। গতকাল ১৮ দলের এই কর্মসূচি ঘিরে নাসিমন ভবন ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। গণমিছিলের কারণে নগরের কাজীর দেউড়ি, নাসিমন ভবন, এনায়েত বাজার, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে অফিস ফেরত সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।