'মহাজোট সরকার চট্টগ্রামের উন্নয়নে রেকর্ড ভেঙেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকার চট্টগ্রামের উন্নয়নে অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। এ সরকারের আমলে ৬০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে। নগর উন্নয়নে ৪৬২ কোটি টাকার আরও একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার।
গতকাল বুধবার সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম এসব কথা বলেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী শনিবারের চট্টগ্রাম সফর উপলক্ষে চউক হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চউক চেয়ারম্যান বলেন, ‘চউক হচ্ছে নগর উন্নয়নের সিঁড়ি। চট্টগ্রামের উন্নয়ন করতে হলে চউককে দিয়ে করাতে হবে। চট্টগ্রামবাসীর আকাঙ্ক্ষা পূরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। চউকের ৫০ বছরের ইতিহাসে চট্টগ্রামের মানুষ একসঙ্গে এত প্রকল্পের অনুমোদন দেখেনি।’
চউক চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহদ্দারহাট উড়ালসড়কসহ ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চউকের বোর্ড সদস্য মফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবারের সফরে সল্টগোলা ডরমেটরি, বিপণিবিতানের বি-ব্লক, পাঠানটুলী সড়ক, আরাকান সড়ক, দেওয়ানহাট ওভারপাস, বহদ্দারহাট উড়ালসড়ক, কলেজ সড়ক, মুরাদপুর সড়ক, ডিটি সড়ক, অক্সিজেন-কুয়াইশ সড়ক এবং সিডিএ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের উদ্বোধন করবেন।