‘মহাত্মা গান্ধীর অহিংস নীতি অনুসরণীয় হয়ে থাকবে’
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবিলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধীর অহিংস নীতি সব সময় অনুসরণীয় হয়ে থাকবে। অহিংসার মধ্য দিয়েও যে একটি জাতি স্বাধীনতা অর্জন করতে পারে, পাকিস্তান-ভারত উপমহাদেশই তার দৃষ্টান্ত।গতকাল রোববার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে গান্ধী আশ্রমে ছয় দিনব্যাপী দক্ষিণ এশীয় যুব শান্তি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। দীপু মনি বলেন, এই ক্যাম্পের মধ্য দিয়ে অংশগ্রহণকারী যুবরা নিজ নিজ দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টের সভাপতি বিচারপতি গৌর গোপাল সাহা। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জীতেন্দ্র লাল চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার, ভারতের গান্ধী পিস ফাউন্ডেশনের পরিচালক এফ এন শুভ্যা রাও ও নোয়াখালীর জেলা প্রশাসক সিরাজুল হক।গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জাতীয় কমিটির সভাপতি আবদুল আউয়াল ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাবু।আয়োজকেরা জানান, ছয় দিনব্যাপী দক্ষিণ এশীয় এই যুব শান্তি ক্যাম্পে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের প্রায় ২০০ জন যুব প্রতিনিধি অংশ নিয়েছেন।