‘মহানন্দা’ নিয়ে টানাটানি
মহানন্দা এক্সপ্রেস ট্রেন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলার মানুষের মধ্যে টানাটানি শুরু হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন দুই এলাকার দুই সাংসদও। গত বৃহস্পতিবার ট্রেনের দাবিতে গোমস্তাপুরের রহনপুর স্টেশনে বিক্ষোভ সমাবেশ ও রেলপথ অবরোধ করা হয়। এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদরে কয়েক দিন আন্দোলন কর্মসূচি পালন করা হয়।একটি ট্রেন দুই উপজেলাবাসী দাবি করায় বিপাকে পড়েছে রেলওয়ে বিভাগ। এমনকি রেলমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে দুই উপজেলার সাংসদসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসেও ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে পারেননি।রেলওয়ে সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরা-রাজশাহী হয়ে খুলনা রুটে চলাচল করে মহানন্দা এক্সপ্রেস। কিন্তু গত ২ এপ্রিল এই রুট থেকে ট্রেনটি প্রত্যাহার করে গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে আমনুরা-রাজশাহী হয়ে খুলনা রুটে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। গত সোমবার শহরে বিক্ষোভ সমাবেশ করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক উন্নয়ন কমিটি। পরের দিন বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করা হয় মহানন্দা ট্রেন রক্ষা কমিটির ব্যানারে। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন বাজারের সবজি ও মাছ ব্যবসায়ী ছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে দাবি করা হয়, মহানন্দা ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রত্যাহার করা হলে বিভিন্ন স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জে আসা কাঁচামালের দাম বৃদ্ধি পাবে। এতে সাধারণ মানুষের ব্যয় অনেকাংশে বেড়ে যাবে।এদিকে গত বৃহস্পতিবার থেকে আন্দোলনে নেমেছে গোমস্তাপুর উপজেলাবাসীও। আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে এদিন তারা রহনপুরে বিক্ষোভ সমাবেশ ও রেলপথ অবরোধ করে। কর্মসূচির সঙ্গে সহমত পোষণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খুরশেদ আলম, রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস। অবরোধের কারণে ঈশ্বরদীগামী ৫৮২ ডাউন ট্রেন সাত ঘণ্টা আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে রেলমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।গত বুধবার আন্তনগর শাটল ট্রেন উদ্বোধন করতে চাঁপাইনবাবগঞ্জে আসা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিষয়টি নিয়ে দুই সাংসদ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাংসদ আবদুল ওদুদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাংসদ জিয়াউর রহমান নিজ নিজ উপজেলা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় দুই সাংসদ ও তাঁদের সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডাও হয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেলমন্ত্রী এক সপ্তাহের সময় নেন। এই সময় পর্যন্ত মহানন্দা এক্সপ্রেস পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাবে বলে সিদ্ধান্ত হয়।চাঁপাইনবাবগঞ্জের স্টেশনমাস্টার মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার যথারীতি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে মহানন্দা এক্সপ্রেস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ থেকেই ছেড়ে যাবে ট্রেনটি।