
সিলেট সিটি করপোরেশন প্রস্তাবিত ‘মহাপরিকল্পনা’ (মাস্টারপ্ল্যান) বাস্তবায়নের দিকে যাত্রা শুরু করেছে। গতকাল রোববার সিটি করপোরেশনের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে মেয়র আরিফুল হক চৌধুরীর সংবাদ সম্মেলনে দীর্ঘ বক্তৃতা মূলত মহাপরিকল্পনার দিকে যাত্রা শুরুর একটি দিকনির্দেশক ছিল।
নগরের দরগাগেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকের গ্র্যান্ড বলরুমে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণার আগে মেয়র নগরের সার্বিক বিষয় নিয়ে দীর্ঘ বক্তৃতা দেন। লিখিত বক্তৃতায় মেয়র বলেন, ‘“পরিবর্তন ও উন্নয়ন” স্লোগান নিয়ে আমি গত বছরের ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নিবাচিত হই। দায়িত্ব গ্রহণ করি ওই বছরের ১৮ সেপ্টেম্বর। নাগরিক প্রত্যাশা অনুযায়ী সিলেটকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে নগরবিদ, স্থপতি, প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।’
উপদেষ্টা কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন জানিয়ে বাজেট ঘোষণাপূর্ব সংবাদ সম্মেলনে বলা হয়, জামিলুর রেজা চৌধুরী সিলেটের একজন কৃতী সন্তান। নিজের শহরকে আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে দেখার ইচ্ছা থেকে তিনি সিলেটকে পরিকল্পিত নগর গড়ার মহাপরিকল্পনায় প্রধান উপদেষ্টা হিসেবে থাকতে সম্মত হয়েছেন।
মেয়র প্রথম আলোকে বলেন, ‘মহাপরিকল্পনা বাস্তবায়নের চিন্তা মাথায় রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। মহাপরিকল্পনা হলে যাতে বাজেটের ওপর কোনো প্রভাব না পড়ে, সেটি বিবেচনার মধ্যে ছিল। ১৬ আগস্ট সিলেটে জামিলুর রেজা চৌধুরীর উপস্থিতিতে উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেমিনার হয়েছে। প্রস্তাবিত মহাপরিকল্পনার দিকে যাত্রা শুরুর প্রস্তুতি ওই দিন থেকেই হয়েছে।’
সংবাদ সম্মেলনে বলা হয়, সিলেট আসামের ডাউকি ফল্টের কাছের নগর হিসেবে ভূমিকম্প জোনের অন্তর্ভুক্ত। এ বিষয়ে সচেতন থেকে সতর্কতামূলক সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করতে চেষ্টা চালানো হচ্ছে। বিশ্বব্যাংক ভূমিকম্পের ঝুঁকি হ্রাসকরণে ঢাকাভিত্তিক এক হাজার কোটি টাকা ব্যয়ে যে প্রকল্পটি হাতে নিয়েছে, বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিলেট নগরকে সেই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাগরিক জীবনের চলমান সমস্যা নিরসনে বিষয়ভিত্তিক বর্ণনা দেওয়া হয়। এর মধ্যে জলাবদ্ধতা সম্পর্কে বলা হয়, বিগত দিনে বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা ছিল জলাবদ্ধতা। বর্ষার আগে প্রায় ছয় মাস নগরের নয়টি ছড়া-খাল থেকে ১৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রাকৃতিকভাবে পানিনিষ্কাশনব্যবস্থা করায় জলাবদ্ধতা তুলনামূলক কমেছে। নগরে দৈনিক পানির চাহিদা প্রায় আট কোটি লিটার। অথচ ৩০টি নলকূপের মাধ্যমে দৈনিক মাত্র দুই কোটি ৫০ লাখ লিটার পানি সরবরাহ করা হয়। দৈনিক আরও পাঁচ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্যে ৩২১ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়েছে। নগর বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপন ছাড়াও নগরের যানজটসহ নগরজীবনের বিভিন্ন সমস্যার সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রবাসীদের নিরাপত্তায় পরিকল্পনামাফিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
তথ্যপ্রযুক্তির যুগে তরুণদের জন্য নগরে একটি ‘সাইবার ভিলেজ’ প্রতিষ্ঠা করতে বাংলাদেশ কম্পিউটার সমিতির সঙ্গে সিটি করপোরেশনের কথাবার্তা চলছে বলে জানানো হয়।
৩১২ কোটি ৫৪ লাখ টাকার বাজেট: আয় ও ব্যয় প্রায় সমান ধরে ২০১৪-১৫ অর্থবছরে ৩১২ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে সিলেট সিটি করপোরেশন। গতকাল দুপরে সিটি করপোরেশনের মেয়র বাজেট পেশ করেন।