১৭ ডিসেম্বর, রাত সাড়ে ১০টা। বরগুনার টাউন হল বাসস্ট্যান্ড থেকে শহরে ঢোকার সময় দেখা গেল দৃশ্যটা। বিকট শব্দে শহরের সদর রাস্তা কাঁপিয়ে ৫০-৬০টি মোটরসাইকেল চলছে। হর্নের শব্দে কান পাতা দায়।
স্থানীয় লোকজনের কাছে জানা গেল, ‘মহারাজের মহড়া’ চলছে। তিনি বলেন, পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন থেকেই বরগুনা শহর গরম করে রেখেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ‘মহারাজ’। তাঁর দাপটে আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’সহ বাকি প্রার্থীরা তটস্থ।
পুরো নাম মো. কামরুল আহসান। স্থানীয় লোকজন চেনেন মহারাজ নামে। তিনি জেলা যুবলীগের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। সবচেয়ে বড় কথা, পুরো বরগুনায় তিনি নির্বাচন ‘কৌশলী’ হিসেবে পরিচিত। নির্বাচন বিষয়ে তাঁর বিশেষ অভিজ্ঞতার ভয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ভোট কারচুপির শঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন।
অথচ বরগুনার পৌর মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীদের দৌড়ে সবচেয়ে পিছিয়ে ছিলেন এই কামরুল আহসান। কিন্তু নৌকা প্রতীক নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাংসদের টানাহেঁচড়ায় শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান তিনি। তাঁর ভাষায়, ‘আমার বুকে নৌকার সিল লেগে যায়।’
স্থানীয় সূত্রগুলো জানায়, দুই বিদ্রোহী প্রার্থীর জনসম্পৃক্ততা ও রাজনৈতিক অভিজ্ঞতার তুলনায় আওয়ামী লীগের এই প্রার্থী অনেকটাই পিছিয়ে। আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন পৌরসভার বর্তমান মেয়র, যিনি আবার পেশায় ঠিকাদার। আরেকজন মো. শাহজাহান পরপর দুবার পৌরসভার সাবেক নির্বাচিত মেয়র, পেশায় আইনজীবী। দুজনেরই শঙ্কা—ভোট সুষ্ঠু হবে না।
বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, যে পরিবেশ চলছে তাতে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এমন চলতে থাকলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন না।
শাহাদাত অভিযোগ করেন, ১৪ ডিসেম্বর নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিনেই তাঁর পথসভায় হামলা করে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক এবং যুবলীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী কোনো আচরণই মানছেন না। শহরজুড়ে মোটরসাইকেলের মহড়া, হুমকি-ধমকি প্রভৃতি তো আছেই। তিনি জানান, ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছেন।
আচরণবিধি লঙ্ঘনের সব অভিযোগ অবশ্য অস্বীকার করেন কামরুল আহসান। তিনি বলেন, ‘মোটরসাইকেল দিয়ে আমি কোনো নির্বাচনী প্রচার চালাই না, মহড়া দিই না। দেখা গেল, আমি যদি কোথাও যাই, তাহলে আমার অনিচ্ছা সত্ত্বেও দলের নেতা-কর্মীরা ১০-১২টা বাইক নিয়ে আমার সঙ্গে যান। আর পথসভায় আমরা কোনো হামলা করিনি, ওটা ছিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারি।’ তিনি অভিযোগ করেন, পরে শাহাদাতের লোকজন নৌকা মার্কার তিনটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছেন।
সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান অবশ্য কামরুল আহসান ও শাহাদাত হোসেন দুজনেরই বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তিনি বলেন, নির্বাচনী প্রচারের একেবারে শুরু থেকে প্রধান দুই প্রার্থীই এলাকায় ত্রাসের সৃষ্টি করেছেন।
বিএনপির মেয়র পদপ্রার্থী এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেনা মোতায়েন ছাড়া বরগুনায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই।
সরেজমিনে জানা যায়, বরগুনা সদরে কাগজে-কলমে মেয়র পদে প্রার্থী ছয়জন হলেও মূলত লড়াই হচ্ছে আওয়ামী লীগের নিজের ঘরেই। স্থানীয় লোকজন বলছেন, বরগুনায় মাঠের লড়াই যদি আওয়ামী লীগ-বিএনপির মধ্যে হতো, তাহলে বরং শঙ্কা কম ছিল। কিন্তু আওয়ামী লীগের ঘরের লড়াইয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক বেশি।