'মহাসেনে' ক্ষতিগ্রস্ত দুই লাখ ৩৪ হাজার কৃষক সহায়তা পাবেন
ঘূর্ণিঝড় ‘মহাসেনে’ ক্ষতিগ্রস্ত দুই লাখ ৩৪ হাজার ৯২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পুনর্বাসনে বিশেষ প্রণোদনা কর্মসূচি শুরু করছে সরকার। ওই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী, বরগুনা, ভোলা ও বরিশাল জেলার ২৮টি উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকেরা এ কর্মসূচির আওতায় আসবেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, প্রত্যেক কৃষক এক বিঘা পরিমাণ জমির জন্য পাঁচ কেজি উচ্চ ফলনশীল আমন বীজ, ২০ কেজি ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার, ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং ধান পরিচর্যার জন্য ২০০ টাকা করে পাবেন। নগদ সহায়তা কৃষি কার্ডধারী কৃষকদের ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়া হবে।
প্রায় ২৪ কোটি ৯১ লাখ টাকার এ কৃষি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বীজ বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে সার বিতরণ কার্যক্রম শুরু হবে।
গত ১৬ মে ‘মহাসেন’ বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে। ঘূর্ণিঝড়ে মাঠ ফসলের ব্যাপক ক্ষতি হয়।