'মহাসেন' এগিয়ে আসছে

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের দিকে এগিয়ে আসছে। আজ রাতের প্রথম ভাগে ঘূর্ণিঝড়টির অগ্রভাগ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে প্রবেশ করতে পারে। তবে শেষ পর্যন্ত এটি বাংলাদেশ উপকূলে আঘাত হানবে কি না, তা আজ বিকেল নাগাদ নিশ্চিত হওয়া যাবে। আবহাওয়াবিদেরা এ তথ্য জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক গবেষণা সংস্থা নাসা, জয়েন টাইফুন ওয়ার্নিং সেন্টার ও ট্রপিক্যাল স্ট্রর্ম রিস্কের (টিএসআর) পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতি নিয়ে এগোচ্ছে। এই গতি ও লক্ষ্যপথ ধরে এগোলে ঘূর্ণিঝড়টি আজ মধ্যরাতের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে। সংস্থাগুলোর মতে, ঘূর্ণিঝড়টি আঘাত হানলে ভূখণ্ডে এসে এর গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।ঘূর্ণিঝড় মহাসেন গতকাল মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত বাংলাদেশের উপকূল থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই পরিমাণ দূরত্ব থেকে কোনো ঘূর্ণিঝড় এগোনোর পথে যেকোনো সময় দুর্বল বা গতিমুখ বদলে ফেলতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদেরা। ঘূর্ণিঝড়টির কারণে জলোচ্ছ্বাস হবে কি না, তা আজ বিকেলের আগে বোঝা যাবে না।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা উপকূলে ৪ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল রাত আটটা নাগাদ ঘূর্ণিঝড় মহাসেনের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৬৮ কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম বলেন, মহাসেন এখনো বেশ দূরে আছে। বুধবার (আজ) মধ্যরাতের মধ্যে এর অগ্রভাগ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে প্রবেশ করতে পারে। এটি যদি উত্তর-পূর্ব দিক দিয়ে এগোয়, তাহলে তা বুধবার যেকোনো সময় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে।
থেমে থেমে এগোচ্ছে
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি গতকাল সকাল থেকে বেলা একটা পর্যন্ত স্থির অবস্থায় ছিল। দুপুরের পর এর গতি কিছুটা বাড়ে এবং বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হয়েছে। গত শনিবার থেকে ঝড়টি এভাবে থেমে থেমে এগোচ্ছে বলে আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে। তবে ধীরে ধীরে ঝড়ের গতি বাড়ছে।
গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ ঝড়টি চট্টগ্রাম থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এক হাজার ৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৯৯০ ও মংলা বন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি মূলত শনিবার সকাল সাড়ে নয়টায় উত্তর বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে সৃষ্টি হয়।
সরকারের প্রস্তুতি
ঘূর্ণিঝড় মহাসেন মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল আন্তমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে ১৩টি উপকূলীয় জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ৪৯ হাজার ৩৬৫ জন স্বেচ্ছাসেবক কাজ শুরু করেছেন। তাঁরা সেখানে এখন প্রচারণা শুরু করেছেন।