‘মা, আঁরে বাঁছা...’
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা। ছেলে মহসিনের ফোন আসে সখিনা বেগমের মুঠোফোনে। ওপাশে আর্তনাদ, ‘আঁর ফা ফেলাইওভারের গার্ডারের নিচত আটকি গিইয়ে। মা, আঁরে বাঁছা।’ অর্থাৎ ‘আমার পা ফ্লাইওভারের গার্ডারের নিচে আটকে গেছে। মা আমাকে বাঁচাও।’ মায়ের বুক ধড়ফড় করে ওঠে। তারপর ছোটাছুটি। মহসিনকে বাঁচাতে মা-ভাই আর স্বজনেরা ছুটে যান বহদ্দারহাট পুকুর পাড়ে, যেখানে গার্ডার ভেঙে পড়েছে। অসহায় সবাই। তিন শতাধিক টন ওজনের গার্ডারটি সরানোর সাধ্য কার! উদ্ধারকর্মীর জন্য প্রতীক্ষা। ততক্ষণে শুরু হয়ে গেছে মারামারি। ফায়ার সার্ভিসের কর্মীরা জনতার মার খেয়ে পিছু হটেছেন।রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর উদ্ধারকারী দল পৌঁছালেও তাঁদের কিছু করার ছিল না। মিনিট যায়, ঘণ্টা যায়। রক্তক্ষরণ চলছে। এভাবে চার ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই মহসিনের। অতঃপর প্রাণে মুক্তি। কিন্তু বিসর্জন দিতে হয়েছে ডান পায়ের গোড়ালি থেকে নিচের অংশ। পাইপমিস্ত্রি মহসিনের বাড়ি বহদ্দারহাট খড়মপাড়ায়। তরুণ মহসিন ওই সময় বাড়ি থেকে বের হয়ে হেঁটে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে শুয়ে আছেন। পাশে মা সখিনা বেগম ও ভাই ফারুক হোসেন। ফারুক বলেন, ‘যখন উদ্ধার করা সম্ভব হচ্ছে না, তখন আমরা ডাক্তার ডেকে একটি স্যালাইন দিই তাঁকে। এরপর সরকারি চিকিৎসকেরা এসে তাঁকে দেখে পা কেটে ফেলার সিদ্ধান্ত দেন।’ সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘তাঁর পা থেঁতলে গিয়েছিল। ওটা আর ভালো হবে কি না, সন্দেহ। ওদিকে তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। রোগী দুর্বল হয়ে যাচ্ছিল। পরে পরিবারের সিদ্ধান্তে আমরা অ্যানেসথেসিয়া দিয়ে পায়ের গোড়ালি কেটে ফেলি।’ একটি পায়ের বিনিময়ে ছেলেকে জীবিত ফিরে পেয়েও খুশি মহসিনের মা সখিনা বেগম। তিনি বলেন, ‘কত মানুষের মৃত্যু হয়েছে। আল্লাহর কাছে শোকরিয়া আমার ছেলেকে অন্তত জীবিত পেয়েছি।’ সখিনা বেগমের সান্ত্বনা আপাতত এই। কিন্তু হাসপাতালের শয্যায় নীরবে চোখের পানি ফেলছেন পাহারা মহসিন। শনিবার সন্ধ্যায় বহদ্দারহাটে গার্ডার দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটেছে।