‘মা, তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হয়’
‘মা, তোমাকে ছেড়ে ঢাকায় থাকতে আমার কষ্ট হয়। কিছু দিন পরই তোমাকে ঢাকায় নিয়ে আসব। আমার বুকের ধন বিশ্বজিৎ আর কখনো আমায় ঢাকায় যেতে বলবে না। আমার ছেলেরা কোনো রাজনীতি করে না। তার পরও কেন নিষ্ঠুর রাজনীতির বলি হতে হলো তাকে?’ বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন গতকাল রোববার ঢাকায় অবরোধের সময় মিছিলকারীদের হামলায় নিহত বিশ্বজিৎ দাসের (২২) মা কল্পনা দাস। ঢাকার শাঁখারীবাজারের আমন্ত্রণ টেইলার্স নামে একটি দর্জির দোকানের মালিক বিশ্বজিৎ দাস ছয় বছর ধরে বাবা-মাকে ছেড়ে ঢাকায় আছেন। থাকতেন লক্ষ্মীবাজারের ঋষিকেশ দাস রোডে। গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা গ্রামে। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে আসেন বিশ্বজিৎ। সকালে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার কোনো ইচ্ছা তাঁর ছিল না। এক ক্রেতা তাঁর পোশাক নেওয়ার জন্য বিশ্বজিৎকে ফোন করে দোকানে আসার অনুরোধ জানান। বাসা থেকে রিকশা নিয়ে শাঁখারীবাজারের দিকে রওনা হন বিশ্বজিৎ। বাহাদুর শাহ পার্কের কাছে বিক্ষোভকারীদের সামনে পড়লে ধাওয়া করা হয় তাঁকে। ধাওয়া খেয়ে একটি দোকানে আশ্রয় নেওয়ার পর বিক্ষোভকারীরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর সকাল ১০টায় বিশ্বজিৎ মারা যান। বিশ্বজিতের চাচাতো ভাই ঢাকা কলেজের শিক্ষার্থী রকি দাস বলেন, ‘আমরা এক বিছানায় ঘুমিয়েছিলাম। সকাল নয়টায় দোকানে যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়। বাহাদুর শাহ পার্কের কাছে যাওয়ার পর সে মিছিলের মধ্যে পরে যায়। কোনো দলের কর্মী ভেবে মিছিলকারীরা তাঁকে হামলা করে। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।’ গতকাল দুপুরে বিশ্বজিতের বাড়ি মশুরা গ্রামে গিয়ে দেখা যায়, বিশ্বজিতের মা বিলাপ করতে করতে বার বার মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশী ও স্বজনদের চোখও ছিল অশ্রুসজল। বাড়ির কাছে রাধা গোবিন্দ মন্দিরের পাশে শ্মশান প্রস্তুত করছে এলাকার মানুষ। মরদেহ ঢাকা থেকে আসার পর এই শ্মশানেই দাহ করা হবে তাঁকে। বিশ্বজিতের বোন চন্দনা বলেন, পুজোর সময় কাজের চাপ থাকায় ভাই বাড়িতে আসতে পারেনি। পুজোর পর এসে দুই দিন ছিল। আগামী সপ্তাহে মায়ের হাতের পিঠা-পায়েস খাওয়ার জন্য বাড়ি আসার কথা ছিল। ভাই আর কখনো মায়ের হাতের পিঠা খেতে আসবে না। বিশ্বজিতের বাবা অনন্ত দাস বিলাপ করতে করতে বলেন, ‘অর্থাভাবে ছেলেকে পড়ালেখা করাতে পারিনি। ছেলেবেলা থেকেই তাকে সংসারের হাল ধরতে হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে আমরা সুখেই ছিলাম। আমাদের সে সুখ দুঃস্বপ্ন হয়ে গেল।’