'মা, আমি ভালো আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিল যদি কখনো তাঁর জন্মদাত্রী মায়ের দেখা পান, তখন তিনি মাকে ধন্যবাদ দেবেন। কেননা, মা তাঁকে মেরে ফেলেননি। মা হয়তো চেয়েছিলেন, তাঁর সন্তানকে কেউ না কেউ কোলে তুলে নেবে এবং তাঁর সন্তান ভালো থাকবে। অনিল তাঁর মাকে বলবেন, ‘মা, আমি ভালো আছি।’
তবে রানী বিষয়টি মেনে নিতে পারেননি। ক্ষোভ, যন্ত্রণা ও অভিমানে ২৭ বছর বয়সে রানী আত্মহত্যা করেন।
রানী, অনিল বাংলাদেশের একাত্তরের যুদ্ধশিশু। ১৯৭২ সালে জন্ম হওয়া এই শিশুদের দত্তক নিয়েছিলেন কানাডার বাবা-মায়েরা। কানাডায় পাড়ি জমানো অনিল ও রানীর মতো ১৫ যুদ্ধশিশু এখন কেমন আছেন?
গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গবেষক মুস্তফা চৌধুরী যখন যুদ্ধশিশুদের কথা বলছেন, তখন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি ও মানবিক বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও অন্যরাও যেন আঁচ পাচ্ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতা। পাকিস্তানি বাহিনীর সদস্যরা বাংলাদেশের নারীদের ধর্ষণ করছে, তারপর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, গর্ভপাত, গর্ভপাত না করা গেলে সন্তানের জন্মদান এবং তারপরই ওই সন্তানকে দত্তক হিসেবে অজানার উদ্দেশ্যে ছুড়ে দেওয়ার সময় মায়ের যে আর্তনাদ, তা সবাই যেন শুনতে পাচ্ছিলেন।
গতকাল বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক মুস্তফা চৌধুরী তাঁর ’৭১-এর যুদ্ধশিশু: অবিদিত ইতিহাস-বিষয়ক গবেষণাধর্মী বইটি থেকে আলোচনা করেন। বই ও বইটির লেখকের সঙ্গে পরিচিত হতেই এ আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবিক বিভাগ।
অনুষ্ঠান শেষে মুস্তফা চৌধুরী প্রথম আলোকে বলেন, কানাডায় বড় হওয়া যুদ্ধশিশুদের মধ্যে একজন আত্মহত্যা করেন। একজন মারা যান। এ ছাড়া অন্যরা ভালো আছেন। তাঁরা তাঁদের মা, দেশ ও জন্ম ইতিহাস সম্পর্কে জানেন ও গর্ববোধ করেন।