'মা কখন আসবে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বোন সানিন আর ফাতেমা। তারা জানে না তাদের মা আর নেই। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যান তাদের মা হালিমা শিল্পী। অসুস্থ সানিনের জন্য ওষুধ আনতে সেদিন বাসা থেকে বের হয়েছিলেন তিনি। গতকাল চকবাজারের ফড়িয়াপট্টির বাসায়।  সাজিদ হোসেন
দুই বোন সানিন আর ফাতেমা। তারা জানে না তাদের মা আর নেই। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যান তাদের মা হালিমা শিল্পী। অসুস্থ সানিনের জন্য ওষুধ আনতে সেদিন বাসা থেকে বের হয়েছিলেন তিনি। গতকাল চকবাজারের ফড়িয়াপট্টির বাসায়। সাজিদ হোসেন

মরিয়ম সানিনের ছলছল করা চোখ দুটিতে দীর্ঘ এক মাস মাকে না দেখার বেদনা। সে ঠিকমতো খাওয়াদাওয়া করছে না। পাঁচ বছর বয়সী সানিন একটু পরপরই জানতে চায়, ‘মা কখন আসবে?’ তাকে বোঝানো হচ্ছে, তার মা হালিমা শিল্পী হাসপাতালে ভর্তি আছেন। সে ভাবে, মা হয়তো কদিন বাদেই বাসায় ফিরবেন। কিন্তু, সানিন এখনো জানে না, তার মা আর কখনোই ফিরবেন না।

সানিনের ছোট বোন ফাতেমার বয়স সাত মাস। দুধের শিশু ফাতেমা কিছু বলতে পারে না, কাকে যেন খোঁজে আর শুধু ডুকরে ডুকরে কেঁদে ওঠে। চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান সানিন ও ফাতেমার মা হালিমা। মা হারিয়ে ছোট পরিবারটি এখন অগোছালো, হারিয়ে গেছে জীবনের স্বাভাবিক ছন্দ।

অগ্নিকাণ্ডের দিন রাতে সানিনের ডায়রিয়ার মতো হয়েছিল। ওর জন্য ওষুধ কিনতেই মা হালিমা বাসা থেকে বেরিয়েছিলেন। কিছুক্ষণ বাদে বাসায় ফেরার কথা ছিল। কিন্তু মা আর ফেরেননি। হালিমার স্বামী চকবাজারের ব্যবসায়ী জহিরুল হক বলেন, ‘ঘটনাস্থলের অন্য পাশে আমি একটু দূরেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ জোরে শব্দ আর বড় আগুন দেখে হালিমার মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাই। এখন তো মেয়েদের সামলানোই কঠিন, বিশেষ করে বড় মেয়েটা। সে কিছু খেতেই চায় না। আর ছোট মেয়েটাকে বাজার থেকে কেনা শিশুখাদ্য খাওয়াই। দুই মেয়ে মায়ের ভালোবাসা পাওয়ার আগেই মাকে হারাইল। আমার দুর্ভাগ্য, এখনো স্ত্রীর লাশ শনাক্ত করা যায়নি। লাশটা পেলে অন্তত বড় মেয়েটাকে বলতে পারতাম, এটা তোমার মা।’

গতকাল মঙ্গলবার দুপুরে চকবাজারের ১৭ নম্বর ফড়িয়া পট্টির বাসায় কথা হয় জহিরুল হকের সঙ্গে। তিনতলার বাসায় ঢুকতেই দেখা গেল ছিমছাম বাসাটি। তবে ঘরগুলো বেশ এলোমেলো। ছোট মেয়ে ফাতেমাকে সামলাচ্ছেন তার দুই খালা। আর বড় মেয়ে সানিন আনমনে ঘুরছে, খেলা করছে। থেকে থেকে হঠাৎ বলে উঠছে, ‘মার কাছে যাব। মা কবে ফিরবে?’

আজ বুধবার চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনের অগ্নিকাণ্ডের এক মাস পূর্ণ হলো। গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওই দুর্ঘটনায় মারা যান ৬৭ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন। এখন পর্যন্ত ডিএনএ নমুনা মিল না হওয়ায় দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। এত বড় দুর্ঘটনা এখনো সামাল দিয়ে উঠতে পারছেন না নিহতদের স্বজনেরা। স্বাভাবিকতা আসেনি নিহতদের পরিবারগুলোর সদস্যদের মধ্যেও। স্বাভাবিক হতে তাঁরা চেষ্টা করছেন ঠিকই, তবে চেহারায় বোঝা যাচ্ছে প্রিয়জন হারানোর চাপা কষ্টের ছাপ।

একমাত্র ছেলে ওয়াসিউদ্দিন মাহিদকে হারিয়ে পাগলপ্রায় তার মা মর্জিনা আক্তার ও বাবা মো. নাসিরউদ্দিন। মায়ের কষ্টটা আরও তীব্র; কারণ, ঘটনার মিনিট দশেক আগে মাহিদ তার মায়ের জন্য খাওয়ার পানি আনতে বের হয়েছিলেন। মাহিদ নবকুমার ইনস্টিটিউটে উচ্চমাধ্যমিকে পড়তেন। সম্প্রতি বাবার সঙ্গে ব্যবসাও শুরু করেছিলেন। গতকাল নন্দকুমার দত্ত রোডের মাহিদের বাসায় গিয়ে দেখা যায়, তার মা ছেলের ঘরে বসে চোখের পানি ফেলছেন। ছেলের ব্যবহার করা আসবাব, ব্যাগ, পারফিউম, জামাকাপড়, জুতা—সব ঘরেই আছে। সব গোছানো। শুধু নেই প্রিয় সন্তান।

মাহিদের বাবা মো. নাসিরউদ্দিন জানালেন, ছেলের প্রিয় রং ছিল লাল। মাহিদের এক জোড়া লাল জুতা সামনে এনে তিনি বলেন, ‘ঘটনার দিন মাহিদ লাল গেঞ্জি পরা ছিল। আমার ছেলেটা পুরো বাসা মাতায়ে রাখত। ওর বন্ধুরাও ওকে খুব পছন্দ করত। সব সময় খেলাধুলা আর গানবাজনা নিয়া থাকত। ছেলে হারায়ে আমার ঘর শোকের ছায়ায় ঢেকে গেছে। আমার ছেলে মরছে, বুক খালি হইছে। আর যেন কারও বুক খালি না হয়। পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল গুদাম এখনই সরানো উচিত।’

ঘুরে দাঁড়ানোর গল্প

মাহিদদের বাসা থেকে বের হয়ে চকবাজারের চুড়িহাট্টা মোড়ে যেতেই পারফিউমের মৃদু পোড়া গন্ধ নাকে এসে লাগল। মোড়ের চারপাশে আগুনে ছাই হয়ে যাওয়ার চিহ্ন এখনো স্পষ্ট। অনেকে নাক চেপে পার হচ্ছেন। অনেকে দাঁড়িয়ে পোড়া বাড়িগুলো দেখছেন, ছবি তুলছেন। এই মোড়েই ওয়াহেদ ম্যানশনসহ ছয়টি পোড়া বাড়ি যেন বিভীষিকার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আশপাশের ক্ষতিগ্রস্ত দোকানগুলোর কেউ কেউ নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তেমনই একজন মোড়ের উত্তর পাশের মুদিদোকান মান্নান স্টোরের কর্মচারী মো. জাবেদ হোসেন। সেদিন রাতে আগুন লাগতেই কোনোমতে ছুটে পালিয়ে বেঁচে যান। তবে ওই অগ্নিকাণ্ডে হারিয়েছেন ভাগনে আহসানউল্লাকে। জীবিকার তাগিদে নতুন করে দোকানদারি শুরু করলেও রাত ১০টা বাজতেই ভয় লাগে বলে জানান তিনি। জাবেদ বলেন, ‘আমার বইনটা এহনও কান্নাকাটি করে। সন্তানহারা মাকে কী দিয়া সান্ত্বনা দিমু। মনের মইধ্যে কোনো ভালো লাগে না। রাইতে শুইলেও ঘুম আহে না, অস্থির লাগে। এহনও আমরা আতঙ্কে। কিচ্ছু করার নাই। বাঁচতে হইলে তো দোকানদারি করতেই হইব।’