‘মা কি জানে’, জ্ঞান ফিরেই জানতে চাইলেন শাম্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ অস্ত্রোপচারের পর গত রোববার রাতে চিকিৎসকেরা মেধাবী মেয়েটির বাঁ পা হাঁটুর নিচ থেকে কিছু অংশ কেটে ফেলেছেন। সারা রাত অচেতন অবস্থায় অস্ত্রোপচার-পরবর্তী কক্ষে ছিলেন। সকালে জ্ঞান ফিরলে ওয়ার্ডে আনার পরই বন্ধুদের জিজ্ঞাসা করলেন, ‘মা কি জানে?’এক পা কাটার যন্ত্রণা নিয়ে এখন হাসপাতালের বিছানায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী শাম্মা নাসরিন। এত শারীরিক যন্ত্রণা, মানসিক আঘাতের পরও মেয়েটি চুপচাপ। বন্ধুরা বলছেন, প্রিয়জনদের স্বপ্নভঙ্গের কষ্টেই তিনি ব্যথিত বেশি।রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে উঠতে গিয়ে সেই বাসেরই তলায় চাপা পড়েন শাম্মা। তাঁর দুই পায়ের ওপর দিয়ে চলে যায় বাসের চাকা। রোববার রাতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) দীর্ঘ অস্ত্রোপচারের পর তাঁর বাঁ পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দেন চিকিৎসকেরা। আজ তাঁর আরেকটি অস্ত্রোপচার হতে পারে।বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে শাম্মাকে অস্ত্রোপচার-পরবর্তী কক্ষ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর বাঁ পায়ে কোনো সংক্রমণ হলে আজ আবার অস্ত্রোপচার করে পায়ের আরও কিছু অংশ কেটে বাদ দিতে হতে পারে। আর থেঁতলে যাওয়া ডান পায়ের চিকিৎসা চলছে।শাম্মার সহপাঠী মাহমুদুল হাসান বলেন, ‘সকালে ওয়ার্ডে আনার পর টুকটাক কথা বলেছে। ওর সবচেয়ে বেশি কষ্ট বাবা-মায়ের জন্য। ওয়ার্ডে এসেই জানতে চেয়েছে, বাবা-মা এ ঘটনা জানে কি না। সহপাঠী ও শিক্ষকেরা পাশে থেকে তার মানসিক শক্তি জোগানোর চেষ্টা করছেন।’হাসপাতাল সূত্র জানায়, ইতিমধ্যেই শাম্মার শরীরে আট ব্যাগ রক্ত দিতে হয়েছে। তাঁর সহপাঠীরা রক্তদাতাদের সংগঠন বাঁধনের সহযোগিতায় ‘ও নেগেটিভ’ রক্তের জোগান দিয়েছেন। আরও রক্ত লাগতে পারে।