ভাত খেয়ে পেট ভরে না
চৌকিতে ঘুম আসে না
ছোট স্যার পেদায়
...মা গো মা, আমার জামিন করাও না
এভাবেই গানের কথা আগাতে থাকে। এই প্যারোডি গানেই ফুটে ওঠে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোরদের রোজনামচা, জীবন-যাতনা।
কেন্দ্র নিয়ে বানানো এ প্যারোডি গানটি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সামনে গেয়ে শোনায় কেন্দ্রের এক কিশোর। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে বসা কিশোরেরা তুমুল হাততালি দিয়ে গানের কথার সঙ্গেই যেন একাত্মতা প্রকাশ করে।
প্রশ্ন করে জানা গেল, ‘ছোট স্যার’ বলতে কিশোরেরা কেন্দ্রের সাবেক তত্ত্বাবধায়ককে বুঝিয়েছে। নির্যাতনের যত অভিযোগ সাময়িক বরখাস্ত হওয়া এই তত্ত্বাবধায়কের বিরুদ্ধে।
কিশোরেরা জানায়, প্রতিদিন ডাল আর ভাত দেওয়া হয়। শুধু বৃহস্পতিবার দুধ দেয়। তবে তা খাওয়া যায় না। মা, বোন বা অন্য অভিভাবক দেখা করতে এলে কর্মকর্তারা দেখা করতে দেন না। ফলে মাসের পর মাস পার হয় পরিবারের আপন কারও চেহারা না দেখে। জামিন কবে মিলবে বা জামিনের আদৌ কোনো চেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে তারা থাকে অন্ধকারে। গানে তাই তারা বলছে—‘মা গো মা, আর তো সয় না।’
এই কেন্দ্রটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। বিভিন্ন মামলার আসামি এই কিশোরদের বয়সের কারণে কারাগারে বড়দের সঙ্গে না রেখে এখানে রাখা হয়। হারিয়ে যাওয়া শিশু-কিশোরদের ঠাঁই হয় এমন নিরাপদ হেফাজতে। আবার অবাধ্য সন্তানকেও অনেকে নিরাপদ হেফাজত হিসেবে এ ধরনের কেন্দ্রে রেখে যান।
কেন্দ্রের সাবেক তত্ত্বাবধায়কের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে প্রতিবাদ হিসেবে কেন্দ্রের ২০ জন কিশোর গত মঙ্গলবার রাতে নিজেরাই নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে। প্রথম আলো পত্রিকায় ‘২০ কিশোরের ভয়ংকর প্রতিবাদ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সমাজসেবা অধিদপ্তর কেন্দ্রটির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এস এম আনোয়ারুল করিমকে সাময়িকভাবে বরখাস্ত করে।
গতকাল মঙ্গলবার সমাজকল্যাণমন্ত্রী কেন্দ্রের কিশোরদের অবস্থা সরেজমিনে দেখতে যান। বিশেষ অনুমতি নিয়ে এই প্রতিবেদকও তখন কেন্দ্রের ভেতরে যান।
গতকাল কেন্দ্রটিতে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং পরিবার থেকে বিচ্ছিন্ন বা হারিয়ে যাওয়া শিশু (৪২ জন) মিলে শিশু-কিশোরদের সংখ্যা ছিল ৩১০ জন। আইনি জটিলতায় মামলার নিষ্পত্তি না হওয়ায় কেন্দ্রের ২৮ জনেরই বয়স ১৮ বছর পার হয়ে গেছে। কেন্দ্রটিতে ২০০ জন কিশোরের থাকার ব্যবস্থা আছে।
আহত কিশোরদের অবস্থা: আহত কিশোরদের মাথায় ও হাতে গতকালও ব্যান্ডেজ বাধা দেখা গেছে। কয়েকজন ব্যান্ডেজ তুলে দেখাল, সেখানে তিন থেকে চারটি করে সেলাই লেগেছে। এখনো ব্যথা আছে।
ঘটনার এক সপ্তাহের মাথায় গতকাল মন্ত্রী সৈয়দ মহসিন আলী কেন্দ্রে গেলে কিশোররা প্রথমে কিছু বলতে চায়নি।
মন্ত্রী শিশু-কিশোরদের গান গাইতে, কবিতা আবৃতি করতে ও গল্প বলতে উৎসাহিত করেন। একজন কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতা আবৃত্তি করে। এ কবিতার মাধ্যমেই সে জানিয়ে দেয়, সে আর বদ্ধ ঘরে থাকতে চায় না, বিশ্বটাকে দেখতে চায়।
মন্ত্রী নিজে ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানটি গান। শিশু-কিশোরেরাও তাঁর সঙ্গে সুর মেলায়। মন্ত্রী সবাই নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীত গান।
শিশু-কিশোরেরা ততক্ষণে কিছুটা ভরসা পায়। একপর্যায়ে ‘আমার একটি অভিযোগ আছে’—বলে এক কিশোর দাঁড়ায়। সে মন্ত্রীকে জানায়, ছোট স্যার (সাবেক তত্ত্বাবধায়ক) বিনা কারণে হ্যান্ডকাফ পরিয়ে তিন দিন ধরে মারধর করত। লাইনে দাঁড়ালে সামনের জনের সঙ্গে মাথা সমান না হলে, শরীর চর্চার সময় একটু ভুল হলে মারধর করত। খারাপ ব্যবহার তো করতই।
আরেকজন বলল, ‘আমি ছোটবেলায় এইহানে আইছি। ও ছ্যার, আমারে কি ছাড়ত না?’
আরেকজন জানতে চায় ‘স্যার আপনি আর আইবেন না?’
মন্ত্রী কিশোরদের বোঝান। বলেন, এভাবে নিজেকে আহত করা কোনো সমাধান না। তোমরা অন্যভাবে প্রতিবাদ করতে পারতে। কিশোরেরা তাঁর কথায় সায় দেয়।
মন্ত্রী শিশু-কিশোরদের আর কেউ অত্যাচার করবে না বলে আশ্বস্ত করেন। তিনি কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের শিশু-কিশোরদের বিভিন্ন অভিযোগের সুরাহা করার নির্দেশ দেন।
মন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুরের সাংসদ জাহিদ আহসান রাসেল। তিনি কিশোরদের জন্য খেলার সামগ্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। সঙ্গে সঙ্গে তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে কেন্দ্রের মাঠ।
পরিদর্শন শেষে মন্ত্রী মহসিন আলী অপেক্ষমাণ গণমাধ্যম-কর্মীদের মুখোমুখি হন। তিনি বলেন, কিছু কিশোর ‘মটিভেটেড’ হয়ে নিজেদের ক্ষতবিক্ষত করেছে।
প্রশ্ন: তাহলে কি দোষী কিশোরেরাই! তাদের যে অভিযোগ মারধর করা হয়, খাবার দেওয়া হয় না?
মন্ত্রী: অবশ্যই! যে এগারটা (২০ জন) আকাম করছে তারা ছাড়া সব বাচ্চা বলল, আমাদের তো মারে না।
প্রশ্ন: ২০ জন কিশোর একসঙ্গে এ রকম একটা ঘটনা ঘটিয়েছে?
মন্ত্রী: এখন আপনারা যদি সবাই মটিভেটেড হয়ে একসঙ্গে আমার বিরুদ্ধে বলতে চান, ক্যান আই স্টপ (আমি কি থামাতে পারব)?
প্রশ্ন: আপনি বলেছেন, এখানে ২০ বছরের বেশি বয়সী অনেকে আছেন। এটা কীভাবে সম্ভব?
মন্ত্রী: যতক্ষণ জেলখানায় না নেওয়া হয় ততক্ষণ তাদের এখানে রাখতে হবে। কোর্ট যদি নির্ধারণ করে দেন তাহলে সম্ভব। আমরা ইচ্ছা করলেই পারব না।
প্রশ্ন: মার্ডারের, র্যাপের মামলার আসামি আর হারিয়ে যাওয়া কিশোরদের তো এখানে একসঙ্গে রাখা হয়।
মন্ত্রী: না, এ গ্রেড থেকে সি গ্রেডের কিশোর রয়েছে এখানে। সি গ্রেডের কিশোরেরা পাঁচ তলায় থাকে।
প্রশ্ন: তদন্ত কমিটির রিপোর্ট আজ দেওয়ার কথা ছিল।
মন্ত্রী: এক মাসের আগে এটা পাওয়া সম্ভব না।
প্রশ্ন: কারও কোনো ইন্ধন আছে কি না?
মন্ত্রী: সেটা তদন্ত করলে বোঝা যাবে।
প্রশ্ন: সেদিনের ঘটনা মটিভেটেড ছিল নাকি এখানকার কর্মকর্তাদের নির্যাতনের কারণে হয়েছে?
মন্ত্রী: এক বাচ্চা বলল, মারধর করে। আবার কয়জন বলল, আকাম-কুকাম করতাছে, শাসন করব না!
প্রশ্ন: এখানে আকাম-কুকাম করার সুযোগ পায় কীভাবে?
মন্ত্রী: ২৪ ঘণ্টা একটা লোককে দেইখা রাখা সম্ভব? আমরা সিসি ক্যামেরা লাগানোর চিন্তা করছি।
প্রশ্ন: এখানে এসে আপনি কি সেটিসফাইড (সন্তুষ্ট)?
মন্ত্রী: সেটিসফাইড থাকলে আমি এখানে কেন?
প্রশ্ন: খাবারের মান নিয়ে অভিযোগ আছে।
মন্ত্রী: না, আজ আমি কিশোরদের সাথে খাইলাম। রুই মাছের তরকারি, সবজি, আলু।
প্রশ্ন: আপনি কি আপনার ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাফাই গাইছেন না?
মন্ত্রী: আমি সাফাই গাইব না কে গাইবে?
প্রশ্ন: যদি দোষ করে তাহলেও সাফাই গাইবেন?
মন্ত্রী: এমন দোষ কিছু করে নাই। তারা কি ভুল করে নাই? বাচ্চাদের বললাম, এ কাজটা কি ঠিক করছ?
মন্ত্রী বলেন, শিশু-কিশোরদের কেউ কেউ মারধরের অভিযোগ করেছে। অন্যরা বলেছে অপরাধ করলে শুধু ‘শাসন’ করে। তার পরও সার্বিক পরিস্থিতি নজরে আনার জন্য কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। কেন্দ্রের বাজেট বাড়ানোরও উদ্যোগ নেওয়া হবে।
সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আইয়ুব হোসেন বলেন, ‘দুটি তদন্ত কমিটি হয়েছে। একটি গাজীপুর জেলা প্রশাসন ও অপরটি সমাজসেবা অধিদপ্তর করেছে। উভয় কমিটির তদন্ত শেষ হলে আমরা গণমাধ্যমের সামনে পুরো ঘটনা তুলে ধরব।’
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ আলম)