'মা ছিলেন রূপকথার গল্পের মতো সাহসী'

মা ছিলেন রূপকথার গল্পের মতো সাহসী। আত্মপ্রচার বা চাকচিক্য প্রকাশের বাইরে একদম ব্যতিক্রম একজন মানুষ। বেশির ভাগ সময় বলতেন সহযোদ্ধাদের সাহসিকতার কথা। সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল স্মরণে আয়োজিত শোকসভায় তাঁকে এভাবেই তুলে ধরেন সন্তানেরা। তাঁরা বলেন, রাতে মায়ের কাছে মুক্তিযুদ্ধের কথা শুনতে শুনতেই বড় হয়েছেন। মায়ের জীবন্ত বর্ণনায় তাঁরা সেই সময়ের মধ্যেই বিচরণ করতেন। দেশকে ভালোবাসার বীজটি এভাবেই তিনি বপন করেছিলেন সন্তানদের মধ্যে।
ছেলেদের সাজ-পোশাকে যুদ্ধে অংশ নেওয়া এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এ শোকসভার আয়োজন করে বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ ও কেন্দ্রীয় নারী কমিটি। মৃত্যুর আগ পর্যন্ত এই নারী কমিটির সভাপতি ছিলেন শিরিন বানু মিতিল। ২০ জুলাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই মুক্তিযোদ্ধা।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর তিন সন্তান। দুই মেয়ে জয়া তাসনিম রহমান ও তন্বী নওশীন এবং ছেলে তাহসিনুর রহমান বলেন, ছোটবেলায় রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সময়টায় মা তাঁদের মুক্তিযুদ্ধের কথা বলতেন। মা এতটা আবেগ নিয়ে সেই সময়কার বর্ণনা দিতেন যে তাঁরা মায়ের সঙ্গেই বিচরণ করতেন সেই সময়ে।
প্রয়াত শিরিন বানু মিতিলের বড় মেয়ে জয়া বলেন, ‘মা খুব ব্যস্ত থাকতেন। এরপরও তিনি সব সময় তাঁর কাজের সঙ্গে আমাদের যুক্ত করতে চাইতেন। মানুষের সম্পর্কে মায়ের উচ্চ ধারণা ছিল। নিজেকে তিনি কখনো বড় করে দেখাননি। তিনি মনে করতেন, তিনি নিজের কাজটিই করছেন।’
ছেলে তাহসিন বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা মা-বাবার কাছে মুক্তিযুদ্ধের ঘটনার বিবরণ শুনে বড় হয়েছি। ফলে দেশকে ভালোবাসতে হবে, এটা আলাদা করে আমাদের শেখাতে হয়নি। আমাদের মনের মধ্যেই তা গেঁথে গিয়েছিল।’
আবেগ আপ্লুত কণ্ঠে ছোট মেয়ে তন্বী নওশীন বলেন, ‘মা ছিলেন রূপকথার গল্পের মতো অনেক সাহসী আর দয়ালু। আমরা যে সময়ে বড় হয়েছি, তা চাকচিক্য আর আত্মপ্রচারের সময়। কিন্তু মা ছিলেন ব্যতিক্রম। তাঁকে দেখেছি নিজেকে কিছুই মনে করতেন না।’
নারী কমিটির সহসভাপতি (শিরিন বানু মিতিলের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন) নাসিমুন আরা হক মিনুর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর চেয়ারম্যান কে এম সফিউল্লাহ। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন নারীনেত্রী আরোমা দত্ত, সাংবাদিক দিল মনোয়ারা মনু, নারী কমিটির সাধারণ সম্পাদক বুলবুল মহলানবীশ, নারী কমিটির সহসভাপতি হান্নানা বেগম, কমিটির কোষাধ্যক্ষ ও শিরিন বানুর মামাতো বোন নিলুফার বানু, ছোট বোন ডা. সাহারা বানু সূচি, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ কেন্দ্রীয় কমিটির মহাসচিব হারুন হাবিব, সহসভাপতি নুরুল আলম, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, বিটিভির বর্তমান মহাপরিচালক ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর সহসভাপতি লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশীদ প্রমুখ। সভায় শিরিন বানু মিতিলের স্বামী মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, ‘বেঁচে থাকতে আমরা শিরিন বানুকে সম্মান জানাতে পারিনি। তাঁর কাজের স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা অনেকেই আগে তাঁর নাম শুনিনি। তাঁর মৃত্যুর পর আমরা তা জানলাম। এ রকম আরও অনেক জীবিত মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছেন। তাঁদের খুঁজে বের করে যথাযথ সম্মান জানাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া দরকার।’
‘মুক্তিযোদ্ধা শিরিন বানু একালের প্রীতিলতা’ উল্লেখ করে সভার সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, একাত্তরে পাবনার যুদ্ধে ৩৬ জন পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়। এতে নিহত হন দুজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের এ দলে শিরিন বানু একমাত্র নারী ছিলেন। স্বাধীনতার পরও অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ তৈরি করতে তিনি কাজ করে গেছেন।
আরোমা দত্ত বলেন, ‘শিরিন বানু মিতিলের মুক্তিযোদ্ধা সনদ কেড়ে নেওয়া হয়েছিল। আমি মনে করি না, সনদ থাকলেই কেবল মুক্তিযোদ্ধা হন। তিনি মানুষের জন্য কাজ করেছেন। তাঁর কাজগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই তাঁর প্রতি যথাযথ সম্মান জানানো সম্ভব।’
সভায় শিরিন বানুর দুই বোন বলেন, মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মরিয়া ছিলেন শিরিন বানু মিতিল। মেয়েদের যুদ্ধে নেওয়া হবে না জানার পর তিনি ছেলে সেজে যুদ্ধে অংশ নেন। চুল কেটে ছোট করে ফেলেন। চাচাতো ভাইয়ের শার্ট-প্যান্ট পরে যুদ্ধের প্রশিক্ষণ নেন।
সভায় বক্তারা বলেন, এখন অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে বললেও তা থেকে দূরে সরে গেছেন। কেবল শিরিন বানু এর ব্যতিক্রম ছিলেন। এ প্রজন্মকে শিরিন বানুর জীবন ও ইতিহাস জানানো প্রয়োজন। এ জন্য তাঁকে নিয়ে একটি বই লিখতে হবে। একাত্তরে তিনি সম্মুখ যুদ্ধে পাকিস্তানি বাহিনীর মোকাবিলা করেছেন। অনেক তরুণও সে সময় তাঁর কথা শুনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সৎ ও কর্মনিষ্ঠার প্রতীক মুক্তিযোদ্ধা শিরিন বানু তরুণদের জীবনাদর্শ হতে পারেন।