'মা, ডিউটিতে আছি, পরে ফোন দেব'
‘গেল মঙ্গলবার বাবাকে (ছেলে) ফোন করছিলাম। বাবা বলছিল, মা আমি এখন ডিউটিতে আছি। আর রাজশাহীর অবস্থা খুব একটা ভালো না। আমি তোমাকে পরে ফোন দিব।’ কিন্তু আর কোনো ফোন আসেনি সিদ্ধার্থর। মা কল্পনাও করেননি সেটাই ছেলের সঙ্গে তাঁর শেষ কথা। কথাগুলো বলছিলেন রাজশাহীতে বিক্ষোভকারীদের ছোড়া বোমায় নিহত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারের মা প্রেয়সী রানী সরকার। বিছানায় শুয়ে শোকবিহ্বল মা এর চেয়ে বেশি আর কিছু বলতে পারেননি।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সিদ্ধার্থ চন্দ্র সরকার। অন্যের জমিতে কাজ করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন তাঁর বাবা বিমল চন্দ্র সরকার। সিদ্ধার্থকে নিয়ে অনেক স্বপ্ন ছিল পরিবারটির। দুই ভাইয়ের পড়াশোনার খরচ, জমি কিনে সেখানে নিজেদের একটি বাড়ি—এসব ছোট ছোট স্বপ্ন। কিন্তু সিদ্ধার্থের মা-বাবার সেসব স্বপ্ন কেবল স্বপ্নই থেকে গেল।
আজ শুক্রবার রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাবদি আশ্রমপাড়া গ্রামে সিদ্ধার্থের লাশ নিয়ে যাওয়া হয়। দুপুরে তাঁদের বাড়ি গিয়ে দেখা যায় লাশ তখনো পৌঁছায়নি। ছেলের লাশের অপেক্ষায় আছেন মা, বাবা ও দুই ভাই। কারও মুখে কোনো কথা নেই। শুধু ছোট ভাই পার্থ সরকার এদিক-ওদিক হাঁটাচলা করছিল। একপর্যায়ে সিদ্ধার্থের বাবা বিমল চন্দ্র সরকার বলেন, ‘এক টুকরো জমিতে বসতভিটে। এ ছাড়া আর কোনো জমি নাই। কথা ছিল সিদ্ধার্থের চাকরির টাকা দিয়ে একটু একটু করে জমি কেনা হবে। সেই জমিতে নিজেই চাষাবাদ করব। যেন অন্যের জমিতে আর কখনো কাজ করতে যেতে না হয়। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।’
শহীদবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান বলেন, সিদ্ধার্থের বাবা বিমল চন্দ্র সরকার অনেক কষ্ট করে ছেলেকে পড়িয়েছেন। তিন বছর হলো ছেলে চাকরিতে যোগদান করেছেন। কিন্তু পরিবারের দুঃখ-কষ্ট আর ঘুচল না।
গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে পুলিশের গাড়িতে বিক্ষোভকারীরা বোমা ছোড়ে। এতে গুরুতর আহত হন সিদ্ধার্থ সরকার। হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। আজ সন্ধ্যার পর তাঁর লাশ রংপুরের কাউনিয়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।