'মা তিনজনের লাশ দেখতে চান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান দুর্ঘটনায় নিহত রফিক জামান, সানজিদা হক এবং তাঁদের ছেলে অনিরুদ্ধ জামানের স্মরণে মোমবাতি প্রজ্বালন। ছবি: প্রথম আলো
বিমান দুর্ঘটনায় নিহত রফিক জামান, সানজিদা হক এবং তাঁদের ছেলে অনিরুদ্ধ জামানের স্মরণে মোমবাতি প্রজ্বালন। ছবি: প্রথম আলো

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে বাক্‌-শ্রবণপ্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিরা একত্র হয়েছেন। তাঁরা কথা বলছেন না। কিন্তু তাঁদের চোখ-মুখ অনেক কথা বলে দিচ্ছে। তাঁদের সামনে রফিক জামান, সানজিদা হক এবং তাঁদের ছেলে অনিরুদ্ধ জামানের একটি ছবি বাঁধানো। ছবির এ পরিবারটি প্রতিবন্ধী ব্যক্তিদের অতি আপনজন ছিলেন। এখন তাঁরা শুধুই ছবি আর স্মৃতি।

আজ বৃহস্পতিবার রফিক জামান, তাঁর স্ত্রী ও সন্তানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবাই একত্র হয়েছিলেন। সন্ধ্যার আগে আগে সবার হাতের মোমবাতি জ্বলে ওঠে। রফিক জামান ও সানজিদা হকের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কর্মরত ব্যক্তিরা একজন আরেকজনকে জড়িয়ে শোক ভাগাভাগি করার চেষ্টা করছিলেন।

গত সোমবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ৪ জন ক্রুসহ ৭১ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫১ জন নিহত হয়েছেন। এই নিহত ব্যক্তিদের তালিকায় আছেন রফিক জামান ও তাঁর স্ত্রী-সন্তানের নাম।

রফিক জামান ছিলেন সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ ইউজার্সের (এসডিএসএল) প্রতিষ্ঠাতা এবং কোষাধ্যক্ষ। প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদের (পিএনএসপি) অন্যতম উদ্যোক্তা ছিলেন। ২০১৫ সাল থেকে পিএনএসপির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৭ সালে তিনি জাতীয় প্রতিবন্ধী ফোরামে কাজ শুরু করেন। রফিক জামান প্রথম বাংলা ইশারা ভাষার স্বীকৃতি নিয়ে কথা বলেন এবং প্রশিক্ষণের মাধ্যমে দোভাষী তৈরি করেন।

স্মরণসভার আয়োজন করে পিএনএসপি এবং এসডিএসএল। শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা একবাক্যে স্বীকার করলেন, রফিক জামানের মৃত্যু প্রতিবন্ধী মানুষের অধিকার এবং ক্ষমতায়ন প্রতিষ্ঠার আন্দোলনে একটি অপূরণীয় ক্ষতি। সানজিদা হক সুশাসনের জন্য নাগরিকের (সুজনের) সহযোগী সমন্বয়কারী ছিলেন।

স্মরণসভায় রফিক জামানের বড় বোন জান্নাত আরা কান্নার জন্য কোনো কথাই বলতে পারছিলেন না। রফিক জামানের ছোট বোন রেফায়েত আরা প্রথম আলোকে বলেন, ‘৭০ বছর বয়সী মাকে প্রথম দিন কিছু জানানো হয়নি। মা এখন জানেন ওরা তিনজন নেই। এখন মা শুধু তিনটি লাশ দেখতে চান। আর চান, ছেলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে যে কাজ করত, তা যেন থেমে না যায়।’

সানজিদা হকের ছোট ভাই শাহনেওয়াজ সাবির, স্ত্রী ইশরাত আরা, সানজিদা হক যাঁর কাছে মানুষ, সেই চাচাতো ভাই ফজল মাহমুদ একজন আরেকজনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।

শাহনেওয়াজ সাবির জানালেন, সানজিদা নেপালে যাওয়ার আগে সবার সঙ্গে বারবার কথা বলেছেন। বিমানবন্দরে বোর্ডিংয়ের কাজ শেষ করেও ফোনে কথা বলেছেন। গলায় ছিল খুশির আমেজ। অনেক দিন পর স্বামী-সন্তান নিয়ে ছুটি কাটাতে যাচ্ছিলেন। কিন্তু...। নেপালে লাশ শনাক্ত করার জন্য যে স্বজনেরা গিয়েছিলেন, তাঁরা খালি হাতে ফিরেছেন। তাঁরা লাশ দেখতে পারেননি।