‘মা নিতে এলে যাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা নিতে এলে আমি তার সঙ্গে চলে যাব। তা না হইলে এই বাবা-মার কাছেই থাকব।’ গত শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গৌরিহ্রদ গ্রাম থেকে উদ্ধার করা আরমান আলী (১০) থানায় বসে এসব কথা বলে।আরমান আলী জানায়, কোরবানি ঈদের দুই দিন আগে অপরিচিত দুজন লোক তাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তার যখন জ্ঞান ফিরে তখন দেখতে পায়, সে যেই গাড়িতে (মাইক্রোবাস) আছে সেটি পুলিশ চেক করছে। এই ফাঁকে সে গাড়ি থেকে নেমে আলমডাঙ্গা রেলস্টেশনে চলে যায়। এরপর এক পুলিশ সদস্যকে ঘটনা খুলে বলে। তিনি তাকে স্টেশনের পাশের চা দোকানি জাকির হোসেনের কাছে রেখে যান। পরে জাকির হোসেন তাকে উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের ভ্যানচালক জামিরুলের কাছে দেন। জামিরুল তাঁর খালু গৌরিহ্রদ গ্রামের লেহাজ উদ্দিনের কাছে তাকে রাখেন।সে আরও জানায়, তার বাড়ি বরিশাল জেলার শেরপুর কান্দিপাড় গ্রামে। বাবা দুলাল হোসেন পাঁচ বছর আগে মারা গেছেন। মায়ের নাম নাজমা খাতুন। তারা তিন ভাই। বড় ভাই সাদ্দাম হোসেন ও মেজ ভাই সালমান হোসেন বরিশালের দোয়েল গার্মেন্টসে চাকরি করেন। সে রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এবং তার রোল নম্বর ৩। পালক বাবা লেহাজ উদ্দিন জানান, তিনি ও তাঁর স্ত্রী তহুরা বেগম নিজের সন্তানের মতোই তাকে লালন পালন করছেন। তাঁরা আরমানকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন। আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবিব বলেন, ‘গৌরিহ্রদ গ্রামের বাসিন্দারা লেহাজ উদ্দিনের বাড়িতে চার-পাঁচ মাস ধরে অজ্ঞাত একটি শিশু রয়েছে বলে পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে জানাই। এরপর পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী ওই শিশুকে গত শুক্রবার উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার দেওয়া ঠিকানা অনুযায়ী বরিশালে যোগাযোগ করে এ নামে কোনো জায়গার সন্ধান মেলেনি। এখনো চেষ্টা চলছে। তবে শিশুটিকে শুক্রবার রাতেই তার পালক বাবা-মার কাছে ফেরত দেওয়া হয়েছে।’