'মা ফিরলে ওষুধ খাবার সবই হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বোন হিরার কোলে মাথা রেখে হাসপাতালের বিছানায় মায়ের জন্য অপেক্ষা করছে অগ্নিদগ্ধ মুক্তা (৬)। মা বানু খাতুন ভিক্ষা করে টাকা নিয়ে ফিরবেন, সেই পয়সায় কেনা হবে ওষুধ। যন্ত্রণায় কাতর মুক্তাকে সান্ত্বনা দিয়ে হিরা বলছে, মা ফিরলে ওষুধ, খাবার সবই হবে।
গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দৃশ্য চোখে পড়ে। ১২ দিন আগে আগুনে মুক্তার শরীরের কিছু অংশ ঝলসে যায়। মুক্তা উপজেলার হরিন্দিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ আলীর মেয়ে।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বলছেন, মুক্তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু পরিবারের কোনো সামর্থ্য না থাকায় এখানে রেখেই তাঁরা যতটুকু পারছেন চিকিৎসা করছেন।
গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হিরাকে (১২) জিজ্ঞাসা করতেই বলে, মা ভিক্ষা করতে গেছে। ভিক্ষা করে যে টাকা পাবে, তাই দিয়ে মুক্তার ওষুধ কেনা হবে। মলম না দিলে মুক্তা সহ্য করতে পারছে না। হিরা আরও বলে, তার বাবা বাড়িতে থাকেন না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। মাঝেমধ্যে বাড়িতে এসে আবার চলে যান। তারা থাকে হরিন্দিয়া কলোনি এলাকার সরকারি জায়গায়। গত ২৮ ডিসেম্বর দুপুরে মা রান্না করছিলেন। পাশে বসে ছিল তারা দুই বোন। মুক্তা আগুনের কাছে এগিয়ে যায়। হঠাৎ তার জামায় আগুন লেগে যায়। আগুনে তার বুকের নিচ থেকে হাঁটু পর্যন্ত দগ্ধ হয়। ওই দিনই তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
মা বানু খাতুন বলেন, তাঁরও শরীরও ভালো নয়। ঠিকমতো কাজ করতে পারেন না। অন্যের বাড়িতে কাজ করে ও মাঝেমধ্যে ভিক্ষা করে যা পান, তা দিয়ে দুই মেয়েকে নিয়ে বেঁচে আছেন। ছোট মেয়ে অগ্নিদগ্ধ হওয়ার পর তাঁদের কষ্টের শেষ নেই। চিকিৎসা করানোর মতো কোনো টাকা নেই। ভিক্ষা করে যা পাচ্ছেন, তা দিয়েই চলছে চিকিৎসা।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রভাষ কুমার দাস বলেন, মেয়েটির শরীরের মাঝের অংশ দগ্ধ হয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। তাঁরা সাধ্য অনুযায়ী সহযোগিতা দিয়ে মুক্তার চিকিৎসা দিয়ে যাচ্ছেন।