‘মা রে, তুমি কেন ঢাকায় চাকরি করতে গেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা রে, তুমি কেন ঢাকায় চাকরি করতে গেলা। এখন আমি ও ছোট বোন কাকে মা বলে ডাকব।’ মা আরজিনা বেগমকে (২৭) হারিয়ে আলপনা আক্তারের গগনবিদারী চিৎকার। গত বুধবার সাভারে ভবনধসে অনেকের সঙ্গে তৈরি পোশাক কারখানার কর্মী আরজিনা বেগমও প্রাণ হারিয়েছেন। আলপনা নিহত আরজিনার বড় মেয়ে। পড়ে তৃতীয় শ্রেণীতে। নিহত আরজিনার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজারের বড় মির্জাপুর গ্রামে গিয়ে গতকাল বৃহস্পতিবার এক হূদয়বিদারক দৃশ্য দেখা যায়। আরজিনার মা কাঁদছেন। বিলাপ করছেন তাঁর বাবা সোহরাব আলীও। নানার বাড়িতে রেখে যাওয়া চার বছরের ছোট মেয়ে দৃষ্টি কিছুই বুঝতে পারছে না। ঘুরে-ফিরে শুধু মাকেই খুঁজছে। আরজিনার স্বামী আলাউদ্দিন সাভারের একটি দরজির দোকানে কাজ করেন। আরজিনা তৈরি পোশাক কারখানায় কাজ পান ছয় মাস আগে। অভাব-অনটনের কারণে তিনি সন্তান দুটি রেখে যান মায়ের কাছে। আলাউদ্দিন বলেন, ‘স্ত্রীর লাশ নিয়া যে বাড়ি ফিরব, এইটা তো কোনো দিন ভাবি নাই। বাঁচি থাকার জন্যে ঢাকাত আসনো। সেই ঢাকাত আসিয়া সর্বনাশ হইল।’সাভারে ভবন ধসে মিঠাপুকুর উপজেলার আরও ছয়জন মারা গেছেন বলে জানা যায়। ইউএনও হারুন অর রশিদ সাভারে ভবন ধসে আরজিনাসহ চারজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।