‘মাইর দিলেও আমার কাম করা লাগবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকের অধিকার আদায়ের দাবিতে বিশ্বজুড়ে মহান মে দিবস পালিত হলেও এ দিনটি সম্পর্কে ধারণা নেই ফরিদপুরের অনেক শ্রমিকের। তাঁদের বক্তব্য, এই দিনে মিছিল হয়, কাজ বন্ধ থাকে, লাল পতাকা উড়ে। শ্রমিকনেতারা এই দিনে কাজ বন্ধ রাখতে বলে। কাজ না করলে সংসার চলবে কীভাবে, এ কথা কেউ বলে না।ফরিদপুর শহরের সিএনবি ঘাট এলাকার রিকশাচালক শেখ ফজলের (৪০) ছয় সদস্যের সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি।শেখ ফজল বলেন, ‘পেটের ধান্দা সবার আগে। নেতারা রিকশা চালাইতে মানা করছে। কিন্তু মাইর দিলেও আমার কাম করা লাগবে।’ শহরের নিলটুলী মহল্লার আরেক রিকশাচালক মো. মতিউর রহমান (২০) বলেন, ‘মে দিবস কি জানি না। কাজ যদি না করি খাব কী?’ তবে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ মোল্লা বলেন, সকালে মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রিকশাচালকদের বলা হয়েছে, ওই অনুষ্ঠানে অংশ নিতে। এরপর তাঁরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। একই কথা বলেন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্কাস হোসেন। শহরতলীর ভাসানচরের নির্মাণশ্রমিক মনোয়ার ইসলাম বলেন, ‘পয়লা মে কাজ না করার জন্য নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতারা চিঠি দিয়েছে। তার পরও গোপনে কাজ করব।’ তবে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, শ্রমিকদের কেউ কাজ করতে চাইলে বাধা দেওয়া হবে না। কাজ করা-না করার বিষয়টি তাঁদের ইচ্ছার ওপর। নিলটুলী মহল্লার শিশুশ্রমিক শহীদ মোল্লা (১৫) বলেছে, ‘এই দিন বন্ধ পাওয়া যায়। এতেই আমি খুশি।’ এদিকে পরিবহন, কলকারখানা, দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতনসহ ছুটি দিয়ে আজ কাজ বন্ধ রাখতে মালিকদের প্রতি আহবান জানিয়েছে জেলা প্রশাসন। এ জন্য গতকাল সন্ধ্যায় শহরে মাইকিং করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক হেলাল উদ্দিন আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে ১ মে শ্রমিকেরা যাতে বেতনসহ ছুটি ভোগ করতে পারে।