জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী কাল সোমবার। দিবসটি উপলক্ষে কাল সন্ধ্যায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবে দেশের অন্যতম সেরা ব্যান্ড ‘মাইলস’। অনুষ্ঠানটি থাকবে পুরান ঢাকাবাসীর জন্য উন্মুক্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, কাল সকাল সাড়ে নয়টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী কমর্সূচির উদ্বোধন করা হবে। পরে বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পুরান ঢাকার রায় সাহেব বাজার ও বাহাদুর শাহা পার্ক এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সন্ধ্যায় ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ চত্বরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান আজ রোববার সন্ধায় প্রথম আলোকে বলেন, দিবসটি উপলক্ষে কাল বাংলাবাজারস্থ ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’ নির্মাণকাজের উদ্বোধন করা হবে। এটাই হবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নিতে পুরান ঢাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে এক আইনের মাধ্যমে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানটি।