'মাকে মনে পড়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রতিটি দিন হোক মায়ের জন্য। আলাদাভাবে এটি উদ্যাপনের কিছু নেই। ‘মা’ নামের ছোট্ট শব্দটিই হচ্ছে পৃথিবীর মধুরতম শব্দ।
মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণা করতে গিয়ে বক্তারা এসব কথা বলেন। প্যারেন্টস লাউঞ্জ নামের একটি সংগঠন গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘মা তোমায় ভালোবাসি’ শীর্ষক এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশী।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিলনায়তনে আগত মায়েরা। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক মাকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে চিকিৎসক সিরাজুল হক বলেন, ‘সময়ের নিয়মে সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। প্রায় ১০ বছর আগে আমার মা আমাদের ছেড়ে চলে যান। এখন প্রতিদিনই মায়ের কথা মনে পড়ে। এক বিন্দু নয়নের জল বের হয়ে আসে।’
শফিকুল হক নামের একজন স্মৃতিচারণায় জানান, ১৯৫২ সালে তাঁর বাবা মৃত্যুবরণ করেন। কিন্তু মা হাল ছাড়েননি। তিনি সন্তানদের মানুষ করার জন্য হাড়ভাঙা পরিশ্রম করেছেন। মায়ের আশীর্বাদে আজ ভাইবোনেরা সবাই প্রতিষ্ঠিত।
শিক্ষিকা ফেরদৌসী ইসলাম বলেন, ‘আমিও মা। আমারও একজন মা ছিলেন। আমার সাধারণ মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আজ মা নেই। মাকে মনে পড়ে। শিক্ষকতা করার সুবাদে আমি অনেক সন্তানের মা। প্রত্যেক শিক্ষার্থী আমার সন্তান।’
অনুষ্ঠানে আরও স্মৃতিচারণা করেন সংগঠনের সমন্বয়ক বাদল সৈয়দ, মাহফুজুল হক প্রমুখ। আবৃত্তি করেন আয়েশা হক। গান শোনান আনন্দ, আজাদী সুলতানা, বেলা খান, রাহগির মাহমুদ, কল্পতরু ভট্টচার্য।